কত্থকে শুরু উচ্চাঙ্গ সংগীত উৎসবের দ্বিতীয় দিন
উপমহাদেশের কত্থক নৃত্যের অন্যতম দিকপাল অদিতি মঙ্গলদাস ও তার দল দৃষ্টিকোণ ড্যান্স ফাউন্ডেশনের সম্মেলক পরিবেশনায় শুরু হল উচ্চাঙ্গ সংগীত উৎসবের দ্বিতীয় দিনের আসর।
রাজধানীর ধানমন্ডির শেখ কামাল আবাহনী ক্রীড়া কমপ্লেক্সে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ষষ্ঠ উৎসবের এই আসরটি শুরু হয় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায়।
ধা ধিন ধিন ধা- মঞ্চ থেকে ভেসে এলো কত্থকের বোলচাল, তবলা-পাখোয়াজ-পাঢ়ান্তের সঙ্গে নূপুর নিক্কনে উঠল ঝংকার। হাত, পায়ের বাহারি মুদ্রা ছন্দোবদ্ধ হয়ে নির্মিত হলো এক অপূর্ব নৃত্য প্রযোজনা।
‘উৎসব’ শিরোনামের এই প্রযোজনায় শরীরের সঙ্গে আত্মার সংযুক্তি, আত্ম-সুখে নিমগ্নতার গল্প ধ্বনিত হল নৃত্য ঝংকারে।
অদিতি মঙ্গল দাস ও ড্যান্স কোম্পানির দ্বিতীয় পরিবেশনার শিরোনাম ছিল ‘পরমের খোঁজে’। তুর্কি বংশোদ্ভূত সংগীতসাধক কবি হযরত আমির খসরুর ঈশ্বর প্রেমের বর্ণনায় রচিত কবিতাংশ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয় এ নৃত্য প্রযোজনা।
ভারতের ঐতিহ্যবাহী ধারার সঙ্গে সমকালীন নৃত্যধারার অপূর্ব যোগসূত্র দেখা গেল তাদের কত্থক প্রযোজনায়।
কত্থক কিংবদন্তী কুমুদিনী লাখিয়া ও পণ্ডিত বিরজু মহারাজের শিষ্যা অদিতি মঙ্গলদাস ও তার দলের সর্বশেষ প্রযোজনা তারানা।
অদিতি মঙ্গলদাসের সঙ্গে নৃত্য পরিবেশন করেন গৌরি দিবাকর, মিনহাজ, আম্রপালি ভান্ডারি, অঞ্জনা কুমারী, মনোজ কুমার ও সানি শীর্ষদিয়া।
দলটির সঙ্গে কণ্ঠ ও হারমোনিয়ামে ছিলেন ফারাজ আহমেদ, তবলা ও পার্ধানে মোহিত গাঙ্গানি, পাখোয়াজে আশীষ গাঙ্গানি ও বাঁশিতে ছিলেন রোহিত প্রসন্ন।
পরে অদিতি মঙ্গলদাসের হাতে উৎসব স্মারক তুলে দেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
কত্থকের পর তবলার বোলচালে উদ্দীপ্ত হয় উৎসব। মঞ্চে আসে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থীরা। পরিবেশনায় অংশ অংশ নেয় প্রশান্ত ভৌমিক, সুপান্থ মজুমদার, এম যে জেসাস ভুবন, ফাহমিদা নাজনিন, নুসরাত-ই-জাহান ও শ্রেষ্ঠা প্রিয়দর্শিনী।
এরপরই মঞ্চে আসেন ভারতীয় সন্তুর পণ্ডিত শিবকুমার শর্মা। মঞ্চে এসে তিনি প্রথমে সান্ধ্যাকালীন বন্দিশ রাগ ঝিঁঝুটি পরিবেশন করেন। এই রাগে তিনি আলাপ, ঝোড়, ঝালা ও গৎ পরিবেশন করেন। তার সঙ্গে তবলায় সংগত করা পন্ডিত যোগেশ শামসি তখন তবলায় তাল রূপকের ঝংকার তুলেন।
এই রাগ পরিবেশনার সময় শিবকুমার শর্মা বলেন,“ এ উৎসবে আসা বরাবরই আনন্দের। একটু আগে মঞ্চে আসা বাংলার কিশোররা তবলা বাজিয়ে শোনাল। এদের দেখে আমি অবাক হই। এদের মধ্য থেকেই একদিন উঠে আসবে কিংবদন্তি। আমি এদের নিয়ে বড় আশা করি।”
দ্বিতীয় রাতের চতুর্থ পরিবেশনায় খেয়াল পরিবেশন করেন পণ্ডিত উলহাস কশলকর। এরপর ওস্তাদ শাহিদ পারভেজ খানের পরিবেশনা ছিল। এরপর বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষার্থী অভিজিত কুণ্ডু পরিবেশন করেন ধ্রুপদ।
পণ্ডিত রনু মজুমদারের বাঁশি আর পণ্ডিত দেবজ্যোতি বোসের সরোদের যুগলবন্দি পরিবেশনার মধ্য দিয়ে শেষ হচ্ছে দ্বিতীয় দিনের আয়োজন।
বৃহস্পতিবার
উৎসবের তৃতীয় দিন শুরুতেই রয়েছে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সেতার-বাদন। ঘাটম ও কঞ্জিরা বাজিয়ে শোনাবেন বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম ও সেলভাগণেশ বিনায়ক রাম। খেয়াল পরিবেশন করবেন সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরা। সরোদ পরিবেশন করবেন আবির হোসেন, বাঁশি বাজিয়ে শোনাবেন গাজী আবদুল হাকিম, ধ্রুপদ পরিবেশন করবেন পণ্ডিত উদয় ভাওয়ালকর এবং বেহালায় সুর তুলবেন বিদূষী কালা রামনাথ। পণ্ডিত অজয় চক্রবর্তীর খেয়াল পরিবেশনের মধ্য দিয়ে শেষ হবে তৃতীয় রাতের পরিবেশনা।
শুক্রবার
উৎসবের চতুর্থ দিন পরিবেশনার শুরু হবে শাস্ত্রীয় নৃত্যে। মনিপুরি, ভরতনাট্যম ও কত্থক নৃত্য পরিবেশন করবেন সুইটি দাস, অমিত চৌধুরী, স্নাতা শাহরিন, সুদেষ্ণা স্বয়মপ্রভা, মেহরাজ হক এবং জুয়াইরিয়াহ মৌলি। সরোদ বাজিয়ে শোনাবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা। খেয়াল পরিবেশন করবেন ওস্তাদ রাশিদ খান, সরোদ বাজাবেন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, বেহালা বাজিয়ে শোনাবেন ড. মাইশুর মঞ্জুনাথ, খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত যশরাজ ও চেলোতো সংগীত পরিবেশন করবেন সাসকিয়া রাও দ্য-হাস। সবশেষে রয়েছে পণ্ডিত বুদ্ধাদিত্য মুখার্জির সেতার পরিবেশনা।
শনিবার
বিদূষী সুজাতা মহাপাত্রের ওড়িশি নৃত্যে শুরু হবে উৎসবের পঞ্চম ও শেষ দিনের আয়োজন। মোহন বীণা পরিবেশন করবেন পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, খেয়াল পরিবেশন করবেন ব্রজেশ্বর মুখার্জি, যৌথভাবে সেতার বাদনে অংশ নেবেন পণ্ডিত কুশল দাস ও কল্যাণজিত দাস, সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত কৈবল্যকুমার।
অন্যান্যবারের মত এবারও পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশিবাদনে পর্দা নামবে উৎসবের।
