২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন মডেল ইমি

গাঁটছড়া বাঁধলেন র‌্যাম্প মডেলিং জগতের পরিচিত মুখ শাবনাজ সাদিয়া ইমি। বর রিফাত আব্দুল্লাহ আজমীও একজন পরিচিত র‌্যাম্প মডেল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 06:50 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

শুক্রবার রাতে রাজধানীর এক রেস্টুরেন্টে তাদের আকদ সম্পন্ন হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন ইমি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ইমির বাসায় ‘হলুদ সন্ধ্যা’র আয়োজন করা হয়। এতে নিকটাত্মীয়সহ তার বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের তরুণ আজমি মডেলিংয়ের পাশাপাশি চীনের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বছর দুয়েক আগে চট্টগ্রামে আয়োজিত এক ‘র‌্যাম্প  শো’তে পারফর্ম করতে গিয়েই দু’জনের পরিচয় হয়।

Image
ইমির ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত

ইমির ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত

গ্লিটজকে ইমি বলেন, “চট্টগ্রামে ওর মতো প্রতিষ্ঠিত মডেল আছে আগে জানা ছিল না। সেখানেই প্রথম পরিচয়, জানোশোনা। পরে ভাবলাম, প্রেম করলে কম হয়ে যাবে, বিয়ে করে ফেলি! কয়েক মাস ধরেই বিয়ের প্রস্তুতি চলছিল। অবশেষে দিন বিশেকের পরিকল্পনা বিয়েটা হলো। নিজের হাতেই সব কাজ করেছি।”

মধুচন্দ্রিমায় যাচ্ছেন কবে?

ইমি’র উত্তর “আপাতত হানিমুনে যাওয়ার সুযোগ নেই। ওর অফিসের ছুটি নিয়ে বিয়েটা করেছি। আমিও কাজের ফাঁকে বিয়ের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিয়েছি। এখন অফিসে ওর একটু টাইম দেওয়া দরকার। আমারও কাজ করতে হবে। পরে ফুসরত বের করে একসময় হানিমুন সেরে নেব। তবে এটুকু বলতে পারি দেশের ভেতরেই কোথাও যাবো।”

ইমির শ্বশুর বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ফিরলেই দুজনের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।