২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক লাইভে এসে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার এভ্রিল

ফেইসবুক লাইভে এসে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এভ্রিল বললেন, বাল্যবিবাহের বিরুদ্ধে তার লড়াই সংগ্রামের কথা ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 06:01 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

নানা জল্পনা কল্পনার ভেতর দিয়ে এগোচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচন। সর্বশেষ নির্বাচিত জান্নাতুল নাঈম এভ্রিলের বিয়ের খবর ফাঁস হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচিত হয়েছে ঘটনাটি।

বিয়ের খবর গোপন রেখে এভ্রিলের প্রতিযোগিতায় অংশ নেওয়াকে যেমন দুষছেন অনেকেই, তেমনি ১৬ বছর বয়সে বাল্যবিবাহ না মেনে নিয়ে নিজেকে আমূল বদলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জয়কেও বাহবা দিচ্ছেন অনেকেই।

এদিকে, বিচারকদের রায় না মেনেই এভ্রিলকে নির্বাচিত করা হয়েছে, আয়োজকদের ওপর এমন অভিযোগও উঠছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজক অন্তর শো বিজের চেয়ারম্যান স্বপন চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দু’এক দিনের মধ্যেই বিচারকদের সঙ্গে ঐক্যমতে পৌঁছে সব তর্কের অবসান ঘটাতে চান তিনি।

এমন পরিস্থিতিতে, বিয়ের খবর স্বীকার করে নিয়ে ফেইসবুক লাইভে এসেছেন প্রতিযোগিতায় বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল।

১৬ বছর বয়েসে নিজের বিয়ের খবর স্বীকার করে নিয়ে কান্নায় ভেঙে পড়েন এভ্রিল। ফেইসবুক লাইভে এভ্রিল জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন তিনি।

৩ অক্টোবর দুপুর ৩টায় ফেইসবুক লাইভে এসে এভ্রিল বলেন, “পৃথিবীর সব মানুষের কাছে সম্মান রেখে আমি কিছু কথা বলতে চাই। কেন আমি বিয়ের ব্যাপারটা গোপন করেছি, কেন আমি কম্পিটিশনে পার্টিসিপেট করেছি। আমি ছোটবেলা থেকে কখনো কোনো বাধা বিপত্তির কাছে মাথা নত করিনি। কক্ষনো না। এখনও পর্যন্ত। যতই বাধা বিপত্তি এসেছে, চুপ করে সেটার বিপরীতে গিয়ে বারবার নিজেকে শুধরে নিয়েছি। বারবার আমি নিজেকে পরিবর্তন করেছি। একটা ১৬ বছরের মেয়েকে তার বাবা জোর করে বিয়ে দিচ্ছে, সে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। আর সেই মেয়ে এখন সাকসেসফুল, সেই মেয়ে তার সমাজের কোনো কথা শোনেনি। সেই মেয়ে আশেপাশের মানুষ কী বলেছে সেটাও কানে নেয়নি।”

১৬ বছর বয়সে বিয়ে দিলেও, তা আইনত সিদ্ধ হয়না, উল্লেখ করে এভ্রিল বলেন, “তার একটাই উদ্দেশ্য ছিলো যে, বাংলাদেশে বাল্যবিবাহ যেখানে একটা দৈনন্দিন ঘটনা, সেখানে সেই বাল্যবিবাহকে আমি মানতে পারিনি। বাংলাদেশেও আইন আছে। ১৬ বছরের একটি মেয়েকে বিয়ে দিলে সেই বিয়েটা হয় না। সেটা বাল্যবিবাহ হিসেবেই গন্য।”

 

বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করতে চেয়েছিলেন জানিয়ে অশ্রুসজল এভ্রিল বলেন, “আমি চেয়েছিলাম সেসবের বিপরীতে কাজ করতে। আমি প্রত্যেকটা মেয়েকে এটাই বোঝাতে চেয়েছি, একটা মেয়ে চাইলে অনেক কিছুই পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে একটা মেয়ে চাইলে অনেক কিছুই পারে। বেগম রোকেয়ার মতো একটা মেয়ে চাইলে অনেক কিছুই পারে। নিজের অধিকারটা নিজে আদায় করে নিতে পারে। সে ডিভোর্সি হোক, সে ম্যারিড হোক, সে অন্য কেউ হোক। আমি ডিভোর্সি, ফাইন, আমি একটা মেয়ে, অ্যাজ এ হিউম্যান আমারও রাইট আছে।”

প্রতিযোগিতায় অংশ নিতে নিজের অধিকার জানিয়ে এভ্রিল আরও বলেন, “অ্যাজ এ হিউম্যান আমার রাইট আছে একটা ইন্টারন্যাশনাল প্লাটফর্মে গিয়ে নিজেকে প্রেজেন্ট করা। কই আমিতো নিজের জন্য কিছু চাই নাই। আমি চেয়েছিলাম আপনাদের দেশের মেয়েদের দেখিয়ে দিতে, একটা মেয়ে চাইলে কী কী পারে।”