দুর্গতিনাশিনী তুমি মা
শরতের নীল আকাশ।কাশফুলের দোলা ।শিউলি ফুলের গন্ধ..শারদীয়া দুর্গোৎসবের ইঙ্গিত বহন করে। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এবং সর্বজনীন উৎসব। এই দুর্গোৎসব নিয়ে কলম ধরলেন রবীন্দ্রসংগীতশিল্পী দেবলীনা সুর।
দেবী হলেও দুর্গাকে মা হিসাবে আহ্বান করা হয়। মা এমন একজন প্রিয়জন যার কাছে মনের সব কথা বলা যায়। মা আর সন্তানের সম্পর্কের মধুরতা অন্যরকম। তিনি মা, তিনি দেবী দুর্গা। তিনি যেমন আমার মা, তেমন জগদ্বাসীর মা। সবার দুঃখ দূর করে জগতের মঙ্গল সাধন করে জীবের কল্যাণ করতে আসেন বলেই তিনি দুর্গতিনাশিনী দুর্গা মা।
মায়ের পূজায় জাত-পাতের ভেদ নেই। সবাই মায়ের সন্তান। সেকারণে পূজায় সব শ্রেণির মানুষের সহায়তা প্রয়োজন। ভাস্কর প্রতীমা গড়েন, কৃষক ধানের খড় দিয়ে প্রতীমার ভেতরের কাঠামো তৈরির কাজে ভাস্করকে সাহায্য করেন। কেউ ফুল, বেলপাতা চয়ন করেন। মুচি, যাকে আমরা তথাকথিত সমাজের মানুষেরা অস্পৃশ্য বলি তিনি ফুল তুলে রাখার ঝুড়ি, বাতাসা রাখার ধামা তৈরি করে দেন। তাঁতী মায়ের জন্য নতুন কাপড় বোনেন, কুমার মাটির কলস, প্রদীপ, ঘট তৈরি করেন। কামার মায়ের হাতের অস্ত্র তৈরি করে দেন। কলু প্রদীপ জ্বালাবার তেল ঘানিতে ভাঙিয়ে তৈরি করে দেন।
দোকানীরা রঙিন কাগজের মালা, সাজের উপকরণ দিয়ে মাকে সাজান। দর্জি মায়ের পোশাক তৈরি করে দেয়। ঘরের মায়েরা নারকেলের নাড়ু তৈরি করেন, ঢেঁকিতে পাড় দিয়ে চিড়া কোটেন রাত জেগে, খৈ থেকে তৈরি করেন মুড়কি, ময়দা মেখে লুচি, পাঁচমিশালী ফলের চাটনি, ছোলার ডাল, নানা পদের ভোগ রান্না করেন, শরৎ ঋতুর ফলে উপচার সাজান। পুরুষরা পাড়ায় পাড়ায় ঘুরে সহযোগিতা নিয়ে পূজার খরচ যোগাড় করেন। ব্রাহ্মণ পৌরোহিত্য করেন। তাইতো, দুর্গোৎসব সর্বজনীন উৎসব।
দুর্গোৎসব শুধু সর্বজনীনই নয়, অর্থনৈতিক দিক বিবেচনা করলেও দেখা যাবে দোকানীরা পসরা সাজিয়ে বাৎসরিক রোজগারের চেষ্টা করেন। যদিও নাগরিক জীবনে এ ক্ষেত্রটিতে বেশ পরিবর্তন এসেছে। তবুও পূজার মন্ডপ ঘিরে দোকানীরা মাটির পুতুল, হাড়ি, কড়াই, ভেপুসহ আরো অনেক কিছু নিয়ে বসেন। সেই ঐতিহ্য এখনো আছে।
দেবী দুর্গা মহাশক্তির অধিকারী, তাই তাকে বলা হয় আদ্যাশক্তি মহামায়া। দুর্গাপূজায় শিবের কোনো ভূমিকা নেই কিন্ত শিব ছাড়া দুর্গার কোনো অস্তিত্ব নেই তেমনি দুর্গাহীন শিবেরও কোনো মূল্য নেই। শিব দুর্গার আত্মা, দুর্গা ও শিব অভিন্ন। দেবী দুর্গার সাথে আসেন তার চার ছেলে মেয়ে। প্রত্যেকেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তার শান্তি প্রতিষ্ঠার জন্য ষষ্ঠীতে কলা-বৌকে প্রতিষ্ঠা করা হয় মন্ডপে মন্ডপে।
এই পদ্মফুল নিয়ে গল্প প্রচলিত আছে- একশ আটটি ফুল দিয়ে রামচন্দ্র অকালে মানে এই শরৎকালে রাবণ বধের জন্য আরাধনা করতে শুরু করলে মা দুর্গা রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য তার থেকে একটি ফুল সরিয়ে নেন। রামচন্দ্র অঞ্জলি দিতে গিয়ে দেখতে পান পদ্মফুল এক’শ সাতটি রয়েছে। রামচন্দ্রের চোখ ছিল নীল পদ্মের মত। তিনি দেবীদুর্গাকে তুষ্ট করতে নিজ চোখ উপড়ে মায়ের চরণে অঞ্জলি দিতে চাইলে মা দুর্গা লুকিয়ে রাখা পদ্মটি ফিরিয়ে দেন। দেবী দুর্গা রামের ভক্তির পরীক্ষা নিয়েছিলেন এভাবে।
এই পদ্মের অর্থ হলো পদ্ম কাদামাটির মধ্যে ফোটে কিন্ত তাকে পাকের মলিনতা স্পর্শ করতে পারে না। তেমনি মায়ের ভক্তরা জগৎ সংসারে থেকে ভালো কাজের সাথে যুক্ত থাকবে। সমাজে পঙ্কিলতা থাকবে তার মধ্যে বসবাস করেও মায়ের সন্তানেরা পদ্মের মত পরিচ্ছন্ন সুন্দর থাকবে। লোভ লালসা অহমিকা তাদের স্পর্শ করবে না। পদ্ম সেই সুন্দরের প্রতীক। দেবীর হাতের সুদর্শনচক্র মানুষের ভেতরের অশুভ শক্তিকে ধ্বংশ করে শুভশক্তি প্রতিষ্ঠা করার জন্য।
দুর্গা পূজার শুরুর সঠিক ইতিহাস তেমনভাবে জানা যায় না। শুরু বা প্রচলন নিয়ে বিভিন্ন মত আছে। প্রথমে প্রায় তিন হাজার বছর আগে মেধস মুনীর আশ্রমে চেদীরাজ রাজা সুরথ বসন্তকালে দুর্গাপূজা করেছিলেন মোহমুক্তির আশায়। পরে রামচন্দ্র রাবণ বধের জন্য অকালে মাকে জাগিয়ে পূজা করেন। সেটি সম্ভবত বাংলাদেশের বগুড়া জেলার কালিদহ সাগরে।
বাংলাদেশ ও ভারতে মায়ের রূপ সমতল অঞ্চলের নারীর আদলে গড়া হয়। নেপালের কৈলাসে মায়ের যে রূপটি দেখেছি তা নিতান্তই পাহাড়ী বলিষ্ঠ নারী। অঞ্চলভেদে মায়ের রূপের, অঙ্গিক গঠনের ভিন্নতা থাকলেও তার অর্থ এই নয় মায়ের মহিমার প্রকাশের কোনো ভিন্নতা আছে। পূজার বর্ণনা মায়ের আদ্যাশক্তির প্রকাশ সর্বত্র অভিন্ন।
কাশ ফুল ফুটেছে, গাছে গাছে শিউলি ফুলের গন্ধ ম ম করছে। মহালয়ার পর থেকেই পূজার দিন গোনাটা ছেলেবেলায় শুরু করেছিলাম, আজও তেমনি করি। হয়ত শহুরে জীবনের ব্যস্ততা ছেলেবেলার দিনগুলোকে ভুলিয়ে দিলেও ঢাকের বাড়ি কানে গেলেই আজও ফিরে যাই ছেলেবেলায়। তখন তত্ত্বকথা সেখানে থাকে না, থাকে অনাবিল আনন্দ। গান শোনা, গান গাওয়া, মন্ডপে পাশে বসে চন্ডী পাঠের আসর। সঙ্গে ভেসে আসে ধুপধুনোর সাথে ফুলের মিষ্টি গন্ধ।
আর বুকের মধ্যে বেজে চলে- জয় সিংহবাহিনী চন্ডীকে ত্রাস হারিনী ত্র্যম্বকে/দ্যুলোকে ভুলোকে ভরিলো আজিকে তোমার জয়ধ্বনি/তব গৌরবে গৌরবে গৌরবে।
