বাল্যবিবাহ প্রচারের অভিযোগে নিষিদ্ধ হলো ‘প্যাহরেদার পিয়া কি’
বাল্যবিবাহ প্রচারের অভিযোগে ভারতে নিষিদ্ধ হলো টিভি সিরিয়াল ‘প্যাহরেদার পিয়া কি’। ভারতের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ করা হয়েছে এ সিরিয়ালটি।
ভারতে কোনো টিভি সিরিয়াল নিষিদ্ধের ঘটনা এটিই প্রথম। জনপ্রিয় টিভি চ্যানেল সনি টিভি’তে সম্প্রচারিত এ সিরিয়ালে ১০ বছর বয়সী এক ছেলের (রতন মান সিং) সঙ্গে ১৮ বছর বয়সী এক মেয়ের (দিয়া রতন সিং) বিয়ের গল্প বলা হয়েছে।
এতে মেয়েটিকে তার নাবালক স্বামীর কাছে সিঁদুর পরিয়ে দেওয়ার অনুরোধ করতেও দেখা গেছে। প্রেম কিংবা পারিবারিক চাপে পড়ে নয়, মৃত্যুর সময় রতনের বাবাকে আজীবন তার ছেলের পাহারাদার হয়ে থাকার প্রতীজ্ঞা করে দিয়া, সেই কারণেই তার চেয়ে ৮ বছরের ছোট ছেলেকে সে বিয়ে করে।
তবে ‘সমাজবিরোধী’ কোনো ধারণা প্রচার করছেন না, দাবি করে সিরিয়ালটির প্রয়োজক শশী ও সুমিত মিত্তল বলেন, “যারা এ সিরিয়ালের সমালোচনা করছেন, তারা ভালোভাবে না দেখেই কথাগুলো বলছেন। আমরা সমাজ বা সংস্কৃতিবিরোধী কোনো বক্তব্য এখানে উপস্থাপন করিনি। এমনকি রতন ও দিয়ার ভেতর আপত্তিকর অথবা রোমান্টিক কোনো দৃশ্যও এখানে দেখানো হয়নি।”
‘প্যাহরেদার পিয়া কি’র মূল চরিত্র দুটিতে অভিনয় করেছেন তেজস্বী প্রকাশ ও আফান খান। চলতি বছর জুলাই মাস থেকে সম্প্রচার শুরু হয় সিরিয়ালটির।
