আইসিইউতেই আছেন দিলীপ কুমার : সায়রা বানু
কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে বুধবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বৃহস্পতিবার এই তারকার স্বাস্থ্যের উন্নতি ঘটেছে- এমন খবর প্রকাশ পেলেও তার স্ত্রী সায়রা বানু জানালেন এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইইউ) আছেন তিনি।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে শুক্রবার সকালে সায়রা বানু বলেন, “আমাদের তার রোগমুক্তির জন্য দোয়া করতে হবে। ইনশাল্লাহ, তিনি ভালো হয়ে উঠবেন। ডাক্তাররা তার চিকিৎসা করছেন।”
৯৪ বছর বয়সী এই অভিনেতার কিডনি সংক্রান্ত জটিলতা দেখা দিলে বুধবার সকালে তাকে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা তার অবস্থা স্থিতিশীল জানালেও এর একদিন পরেই বলেন, অবস্থার কোনো উন্নতি হয়নি।
যে চিকিৎসকের দল দিলীপ কুমারের তত্ত্বাবধানে আছেন, তাদের মুখপাত্র জানিয়েছেন, “দিলীপ কুমারের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ছে। তিনি রেনাল ফেইলিওরের দিকে এগিয়ে যাচ্ছেন। এই বয়সে যা হতে পারে মারাত্মক।”
ভারতীয় সিনেমার সোনালি যুগের এই অভিনেতা ‘আন্দাজ’, ‘আন’, ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’র মতো সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ সিনেমায় অভিনয় করেন দিলীপ কুমার। ১৯৯৪ সালে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত করা হয় তাকে। ২০১৫ সালে ‘পদ্মভূষণ’ খেতাব লাভ করেন তিনি।
বর্ষীয়ান সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর দিলীপ কুমারের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শনিবার বিকেলে এক টুইটে তিনি লিখেন, “খবর দেখে আমি জানতে পারলাম, দিলীপ কুমারজীর শরীর ভালো নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তার শরীর যেন দ্রুত ঠিক হয়ে যায়।”
