‘টয়লেট : এক প্রেম কথা’র বিরুদ্ধে আবারও নকলের অভিযোগ
অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট : এক প্রেম কথা’র বিরুদ্ধে নিজের সিনেমার সংলাপ চুরির অভিযোগ এনেছেন জয়পুরের নির্মাতা প্রতীক শর্মা।
৭ জুলাই জয়পুরের মেট্রোপলিটন কোর্টে এ ব্যাপারে একটি মামলা করেন প্রতীক। তিনি দাবি করছেন তার ২০১৫’র সিনেমা ‘গুটরুন গটার গুন’ সিনেমা থেকে নিজেদের সিনেমার গল্প ও সংলাপ চুরি করেছে ‘টয়লেট : এক প্রেম কথা’র নির্মাতারা।
‘গুটরুন গুটার গুন’ ২০১৫ সালে তৈরি করেছিলেন প্রতীক শর্মা। ওই বছর সিনেমা সেন্সর ছাড়পত্রও পেয়েছিল। কিন্তু অর্থের অভাবে সিনেমাটি মুক্তি দিতে পারেননি তিনি।
ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতীক আরও বলেন, “আমার সিনেমার একটি সংলাপ এরকম, ‘আওরত শাদি করকে ঘর মে আতি হ্যায়, উসকি টয়লেট নেহি মিলতা, বাওয়াল হোতা হ্যায়, অন্ত মে পতি উসকি টয়লেট বানাকর দেতি হ্যায়’ (এক মহিলা বিয়ের পর বাড়িতে টয়লেট না পেয়ে হইচই বাধিয়ে দিলো, পরে তার স্বামী একটি টয়লেট বানিয়ে দিলো)। এখন এই সংলাপটির জন্য আমার পরিবেশকেরা বলছেন আমার সিনেমাটি নাকি ‘টয়লেট : এক প্রেম কথা’র নকল!”
প্রতীক আরও বলেন, “আমার সিনেমাটি এরমধ্যে দিল্লি, রাজস্থান, অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে দেখানো হয়েছে। দুই বছরের কষ্টের পর ২৮ জুলাই সিনেমাটি মুক্তির দিন ধার্য করেছিলাম।”
কিন্তু সিনেমাটির গল্পের সঙ্গে ‘টয়লেট : এক প্রেম কথা’র মিল পাওয়ায় হলমালিকেরা নাকি এখন ‘গুটরুন গটার গুন’ চালাতে চাইছেন না, এমন অভিযোগ করেন প্রতীক।
তিনি বলেন, “হলমালিকেরা বলছেন, তারা সিনেমাটি চালাবেন। কিন্তু এটি উঠিয়ে দেওয়ার চাপ আসলে সিনেমাটি আর চালাবেন না তারা। এটা অন্যায়।”
‘গুটরুন গুটার গুন’-এ অভিনয় করেছেন অস্মিতা শর্মা।
এর আগে সিনেমাটির বিরুদ্ধে নকলের অভিযোগ আনেন এক তথ্যচিত্র নির্মাতা প্রবীণ ব্যাস। তার তথ্যচিত্র ‘মানিনি’র গল্প, চিত্রনাট্য, এমনকী প্রতিটি ফ্রেমও হুবহু নকল করেছেন ‘টয়লেট এক প্রেম কথা’র নির্মাতারা- এমনটাই দাবি করেন তিনি।
