পরিচালক সমিতির সম্মাননা স্মারক গ্রহণ করলেন শাবানা
‘ওরা ১১জন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচালক সমিতির সম্মাননা পেলেন চিত্রনায়িকা শাবানা ।
চলতি বছরের ২৫ মে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা দেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সেই অনুষ্ঠানে হাজির থেকে সম্মাননা গ্রহণ করার কথা ছিলো শাবানার। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে দেখা যায়নি প্রতীক্ষিত শাবানার মুখ।
তবে, বেশ কিছুদিন ধরেই আড়াল ভেঙে জনসমক্ষে আসছেন দেশের এ কিংবদন্তিতুল্য নায়িকা। এবার সে ধারাবাহিকতায় পরিচালক সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক নিজেরাই হাজির শাবানার বাসায়। সোমবার রাতে শাবানার হাতে পৌঁছল ‘ওরা ১১ জন’ সিনেমার জন্য পরিচালক সমিতির দেওয়া সেই সম্মাননা স্মারক। সোমবার রাতে শাবানার বাসায় অতিথি হয়ে তার হাতে এ সম্মাননা তুলে দিয়েছেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন।
ফিরে এসে মুশফিকুর রহমান গুলজার জানালেন, প্রযোজনায় আসছে শাবানার পরিবার। তার স্বামী ওয়াহিদ সাদেক নিজে এই প্রত্যয় ব্যক্ত করেছেন। অতিথিদের জন্য নিজ হাতে রান্না করেছেন শাবানা।
গুলজার বলেন, “২০ বছর পর শাবানা আপার হাতের রান্না খেলাম। শুধু খাওয়া দাওয়াই নয়, দারুন আড্ডাও হলো। পেট ভ’রে খেয়েছি, মন খুলে স্মৃতিচারণ করেছি আর প্রান খুলে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি।”
গুলজার আরও বলেন, “শাবানা আপার উপস্থিতিতেই ওয়াহিদ সাদিক দুলাভাই ঘোষণা দিয়েছেন- এখন থেকে তিনি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করবেন।”
