২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হয়ত আর অভিনয় করব না : সুচন্দা

অভিনয় ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন গুণী অভিনেত্রী সুচন্দা। গ্লিটজকে জানিয়েছেন, “অভিমানে, ক্ষোভে আর দুঃখে এই সিদ্ধান্ত নিয়েছি।”

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 09:02 PM

Updated : 11 Apr 2022, 11:55 PM

চল্লিশ বছরেরও বেশি সময় অভিনয় করেছেন ষাটের দশকের গুণী অভিনেত্রী সুচন্দা। নির্মাতা হিসেবেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। সেরা নির্মাতা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্ণিল এই ক্যারিয়ারে এবার ইতি টানতে চান তিনি। গ্লিটজকে জানালেন, “হয়ত আর অভিনয় করব না।”

বয়সের কারণে নয়, তার এই সিদ্ধান্তের কারণ ভিন্ন। কী সেই কারণ? জানালেন, “অভিমানে, ক্ষোভে আর দুঃখে এই সিদ্ধান্ত নিয়েছি। অনেকদিন থেকেই তো আমি অভিনয় করি না। যদিও টুকটাক কাজ করার ইচ্ছা ছিলো, এখন ভাবছি করা যাবে না। অভিনয়ের পরিবেশ নেই। আমাদের অভিনয় করার মতো গল্প আর চরিত্রই তো নেই।”

সঙ্গে আরো যোগ করলেন, “সিনিয়রদের মধ্যে আমরা অল্প কয়েকজনই বেঁচে আছি। বাকিরা চলে গেছে। আমাদের জন্য যদি আলাদাভাবে চরিত্র নির্মাণের চিন্তা করা হয় তাহলে আমি না করলেও হয়তো অন্যান্য শিল্পীরা করতে পারত।”

সর্বশেষ ২০০৫ সালে উপন্যাসিক ও নির্মাতা জহির রায়হানে নন্দিত উপন্যাস ‘হাজার বছর ধরে’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সুচন্দা। ছবিটি পরিচালনা ও প্রযোজনাও করেছিলেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের জোরাজুরিতেই ছবিটিতে অভিনয় করেছিলেন তিনি।

সুভাস দত্তের নির্মিত ‘কাগজের নৌকা’ (১৯৬৬) চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষিক্ত হন সুচন্দা। ১৯৬৮ সালে তিনি বিয়ে করেন শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানকে। জহির রায়হান নির্মিত ধ্রুপদী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ ছাড়াও তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘নয়নতারা’, ‘আগুন নিয়ে খেলা’, ‘দুই ভাই’।