‘বস-টু’ সিনেমায় শিল্পীদের অনুপাত ঠিক হয়নি: সেন্সর প্রিভিউ কমিটি
মঙ্গলবার সেন্সর প্রিভিউ কমিটিতে প্রদর্শিত হয় যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘বস ২’।যৌথ প্রযোজনার নিয়মনীতি অনুযায়ী সিনেমায় শিল্পীদের অনুপাত ঠিক হয়নি।
ঈদে মুক্তি সম্ভাব্য সিনেমাগুলোর ক্ষেত্রে যৌথ প্রযোজনার নিয়মনীতি সঠিকভাবে অনুসরণ তদন্তে সোমবার সেন্সর প্রিভিউ কমিটিকে এক লিখিত চিঠি পাঠায় চলচ্চিত্রের সবগুলো সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট বা চলচ্চিত্র পরিবার। সেই চিঠিকে বেশ গুরুত্বের সঙ্গেই আমলে নিয়েছে সেন্সর প্রিভিউ কমিটি। সে চিঠি প্রাপ্তির পরে মঙ্গলবার কমিটির সামনে ‘বস ২’ সিনেমাটি প্রদর্শিত হলে সেখানে শিল্পীদের অনুপাতের সামঞ্জস্যহীনতার বিষয়টি উঠে আসে।
মঙ্গলবার বিকেলে গ্লিটজকে সেন্সর প্রিভিউ কমিটির সদস্য নাসিরউদ্দীন দিলু বলেন, “আমরা আজ সকালে ‘বস-টু’ সিনেমাটি দেখেছি। আমাদের পক্ষ থেকে যে পর্যালোচনা দিয়েছি, ‘বস-টু’ সিনেমায় শিল্পীদের অনুপাত ঠিক হয়নি। এখানে শিল্পীদের অনুপাত ফিফটি-ফিফটি ছিলো না, তার চেয়ে অনেক কম ছিলো। এখন আমরা আমাদের পর্যালোচনা মন্ত্রনালয়ে জানিয়ে দিবো ।”
তবে ‘বস-টু’ সিনেমায় শিল্পীদের সামঞ্জস্যহীনতা সম্পর্কে জানতে সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি।
‘বস ২’ সিনেমায় কলকাতার জিতের বিপরীতে অভিনয় করছেন টালিসুন্দরী শুভশ্রী গাঙ্গুলী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া। সিনেমায় জিৎ, শুভশ্রী গাঙ্গুলী ও নুসরাত ফারিয়া ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করছেন অমিত হাসান, কৌশিক সেন, সীমান্তসহ অনেকে।
‘বস টু’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার জিতস ফিল্মওয়ার্কস। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বাবা যাদব।
