২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পা দেখানোয় সমালোচনা

বার্লিনে সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পা দেখানো পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। এবার ইন্সটাগ্রামে আরেকটি পা দেখানো ছবি প্রকাশ করে সেসবের কড়া জবাব দিলেন এই ‘বেওয়াচ’ তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 06:27 PM

Updated : 11 Apr 2022, 11:40 PM

মোদির সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাতের ছবি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই টুইটার এবং ইন্সটাগ্রামে বিতর্কের ঝড় ওঠে। অনেকেই লিখেছেন ভারতের প্রধানমন্ত্রীর সামনে পা দেখানো পোশাক পরে অভদ্র আচরণ করেছেন প্রিয়াঙ্কা।

মানস নায়েক নামের একজন লিখেছেন, “নিজেকে কী মনে করেন? আমাদের প্রধানমন্ত্রীর সামনে এরকম পোশাকে এলেন কী মনে করে? এটা কীরকম বসার ভঙ্গী?”

মোহিত চিতকারা নামের আরেকজন লিখেন, “বড়দের সামনে  অন্তত ভদ্র পোশাক পরুন। তিনি ভারতের প্রধানমন্ত্রী, আপনার ভারতীয় সংস্কৃতি ভুলে গেলে চলবে না।”

এসব সমালোচনার জবাবে প্রিয়াঙ্কা ইন্সটাগ্রামে একটি ছবি প্রকাশ করেন, যেখানে তার সঙ্গে ছিলেন তার মা মধু চোপড়াও। প্রিয়াঙ্কার পা দেখানো পোশাকের পাশাপাশি তার মাও পরেছিলেন একটি মিনি স্কার্ট, যাতে তার পাও দেখা যাচ্ছে ভালোভাবেই।

ছবিটির ক্যাপশনে তিনি লিখেন, “লেগস ফল ডেইজ। এটা রক্তেই আছে। বার্লিনে রাত্রি যাপন।”

নিজের প্রথম হলিউডি সিনেমা ‘বেওয়াচ’-এর প্রচারে এই মুহূর্তে বার্লিনে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। সেখানে তার সঙ্গে আরও দেখা গেছে ডোয়েইন জনস, জ্যাক এফ্রনসহ সিনেমার বাকি তারকাদের।