নকলের অভিযোগ রজনীকান্তের সিনেমার বিরুদ্ধে
শুটিং শুরুর দুইদিনের মাথাতেই রজনীকান্ত অভিনীত সিনেমা ‘কালা’র বিরুদ্ধে নকলের অভিযোগ তুললেন কে রাজাসেকরন নামের এক সহকারী পরিচালক। তার দাবি তার অসমাপ্ত সিনেমা ‘কালিকরন’-এর গল্প ও নাম চুরি করে তৈরি করা হচ্ছে এই সিনেমা।
চেন্নাই সিটি পুলিশ কমিশনারের কাছে দায়ের করা মামলায় রাজাসেকরন দাবি করেন নব্বইয়ের দশকে রজনীকান্তকে নিয়ে এই একই নামের একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলেন তিনি। সেই উদ্দেশ্যে রজনীকান্তের বাড়িতেও যান তিনি এবং তাকে চিত্রনাট্যও পড়ে শোনান। দক্ষিণী এই তারকা তখন রাজাসেকরনের সঙ্গে একটি ছবি তুলে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে বিদায় দেন।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে প্রযোজনা সংস্থা জিএসআর ভিনমিন-এর ব্যানারে সিনেমাটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষনা দেন তিনি। পরে ২০১১ তে রজনীকান্তের বদলে আরেক তামিল তারকা চিয়ন বিক্রমকে প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ করে কাজও শুরু করেন। তবে আইনি ঝামেলায় ফেঁসে সিনেমাটির মূল অর্থদাতা সংস্থা সিলভার লাইন ফিল্ম ফ্যাক্টরি অর্থের যোগান বন্ধ করে দিলে এটির নির্মাণকাজ থেমে যায়।
রাজাসেকরন দাবি করেছেন রজনীকান্তের জামাতা ও ‘কালা’র প্রযোজন ধনুষ এং নির্মাতা পা রঞ্জিত তার ‘স্বপ্নের সিনেমা’র গল্প চুরি করেছেন। এমনকী ‘কালা’ নামটিও ‘কালিকরন’-এর সংক্ষিপ্ত রূপ বলে দাবি করেন তিনি।
এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, রাজাসেকরনের সিনেমাটির গল্প কিং কালিকরন নামের এক ব্যক্তিকে ঘিরে, যিনি ভারতে প্রথম বাঁধ তৈরি করেছিলেন। অন্যদিকে পা রঞ্জিত পরিচালিত ‘কালা’ মুম্বাইয়ের এক মাফিয়া ডনের জীবনীনির্ভর সিনেমা, যিনি শহরটিতে তামিল অভিবাসীদের প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন।
মামলা হলেও এব্যাপারে এখনও ধনুষ কিংবা পা রঞ্জিতের মন্তব্য পাওয়া যায়নি। তবে মুম্বাইয়ে পুরোদমে চলছে সিনেমাটির শুটিং।
