যা বলছেন বুবলি
চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস আর শাকিব খানের বিয়ে, সন্তান নিয়ে আলোচনার মধ্যে এবার মুখ খুললেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি, যার নাম বার বার ঘুরে ফিরে আসছে।
মঙ্গলবার ফেইসবুকে তিনি লিখেছেন, অপু বিশ্বাস চাননি পর্দায় শাকিব খানের সঙ্গে অন্য কারও জুটি গড়ে উঠুক।
অপু বিশ্বাস বলেছেন, শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০০৮ সালে। তাহলে এতদিন কেন তিনি বিষয়টি গোপন রাখলেন, কেন তিনি এতদিন পর সরাসরি টেলিভিশনে এসে ‘মর্যাদা’ চাইলেন- সেই প্রশ্ন তুলেছেন নবীন এই অভিনেত্রী।
বুবলির সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি যা বলার ফেইসবুকে লিখে দিয়েছি, আর বলতে চাই না।”
বছর খানেকের অজ্ঞাতবাসে থাকার পর অপু বিশ্বাস সোমবার একটি টেলিভিশনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন, শাকিব তার স্বামী। গত বছরের ২৭ সেপ্টেম্বর তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম।
শাকিবের ক্যারিয়ারের কথা ভেবে এতোদিন বিয়ে, সন্তান- সবকিছু গোপন করে গেছেন বলে অপুর ভাষ্য। তবে শাকিবের পরবর্তী সিনেমা ‘রংবাজ’ এ তার বিপরীতে শবনম ইয়াসমিন বুবলিকে চূড়ান্ত করার খবর আসার পর নিজেই টেলিভিশনের সামনে সব প্রকাশ করেন অপু।
তার অভিযোগ, সন্তানের জন্য নিয়মিত টাকা দিয়ে গেলেও শাকিব তার প্রাপ্য সম্মানটুকু দেননি। এমনি গতবছর কলকাতার একটি হাসপাতালে তাদের সন্তানের জন্মের সময়ও শাকিব পাশে থাকেননি।
অন্যদিকে শাকিব খান বলেছেন, ছেলের দায়িত্ব তিনি নিচ্ছেন। তবে অপু ‘কাজটা ভালো করেনি’।
রংবাজে বুবলিকে নেওয়ার কারণেই অপু ক্ষেপেছেন বলে শাকিব দাবি করলেও অপু বলেছেন, বুবলি তার কাছে ‘ফ্যাক্ট’ না।
‘বসগিরি’র শাকিব-বুবলি
“অপু বিশ্বাস আরো বলেছেন তার সাথে শাকিবের গত এক বছরের মত কথা হয় না, এটা কি কোন সম্পর্কের জন্য স্বাভাবিক? তখনও তো স্বীকৃতি চাইতে সবার সামনে আসলো না। কেনো? সে আরো বললো তার delivery হয়েছে গত বছর September এ তাহলে তখন আসলো না স্বীকৃতির জন্য। কেনো? শাকিব না হয় লুকিয়েছে, সে লুকায়নি? একজন মায়ের কাছে কি সন্তানের থেকে career বড় ? কই গত পরশুদিন পর্যন্ত তো সে বাচ্চাটির স্বীকৃতি চাইলোনা!”
শাকিবের সঙ্গে এর আগে বসগিরি সিনেমায় জনপ্রিয়তা পাওয়া বুবলির দাবি, ‘রংবাজ’-এর কারণেই অপু গণমাধ্যমের সামনে এসেছেন।
“গতকাল যখন একটি পত্রিকায় news হল ‘রংবাজ’ ছবি নিয়ে, তখন তার নাকি মাথা খারাপ হয়ে গেলো আমার নাম দেখে। সে চায় না শাকিব বুবলি একসাথে কাজ করুক, সে শাকিবকে লোক মারফতে জানালো (যেহেতু সেই বলেছে শাকিব আর তার নাকি কথা হয়না এক বছরের মত) তাকে নিয়ে একটি ছবির news করাতে নাহয় আমাকে নিয়ে ছবির news off করাতে নাহলে এটার শেষ দেখে ছাড়বে সে।”
শাকিবকে উদ্ধৃত করে বুবলি বলছেন, অপু বিশ্বাস আগেও অনেক নায়িকার ক্ষেত্রে এমন করেছেন।
“কেনো রাজ্জাক sir শাবানা ম্যাডাম, রাজ্জাক sir ববিতা ম্যাডাম, রাজ্জাক sir কবরী ম্যাডাম জুটি ছিলেন না? রিয়াজ ভাই শাবনুর আপু, রিয়াজ ভাই পূর্নিমা আপু জুটি ছিলেন না?
“এমন তো অনেক উদাহরণ আছে, কিন্তু অপু বিশ্বাস তার বাইরে কোন জুটি established হোক এমনটি চায়নি বলেই কি তার মর্যাদা এতোদিন চাইলোনা আর সন্তানের স্বীকৃতি এতোদিন চাইলো না।”
শাকিব খান সোমবার বলেছিলেন, বিয়ে, সন্তান নিয়ে তিনি মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্তারিত বলবেন। কিন্তু মঙ্গলবার তিনি ফেইসবুকে বলেছেন, কোনো প্রেস ব্রিফিং তিনি করছেন না। ‘সময়মত’ তিনি সবকিছু জানাবেন।
