সংবাদ সম্মেলনে আসছেন না শাকিব খান
চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে আর সন্তান থাকার কথা প্রকাশ হওয়ার পর নিজের বক্তব্য জানাতে সংবাদ সম্মেলন ডেকেও পিছু হটলেন চলচ্চিত্র তারকা শাকিব খান।
সোমবার সাংবাদিকদের তিনি নিজেই বলেছিলেন, মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করবেন, সেখানে সব কথা খুলে বলবেন।
কিন্তু মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেইসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “একটা ভুল নিউজ ছাপা হয়েছে, আজ #১২টায় আমি প্রেস ব্রিফিং করব এমনটা শোনা যাচ্ছে। সব সাংবাদিক ভাইদের জানাচ্ছি আমি কোনো প্রেস বিফ্রিং করছি না, সময়মত আমি আপনাদের সবকিছু জানাব। ধন্যবাদ সবাইকে।”
বছর খানেকের অজ্ঞাতবাসে থাকার পর সোমবার ছেলে কোলে একটি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস।
ওই সাক্ষাৎকারে অপু বলেন, গুলশানে শাকিব খানের বাসায় ২০০৮ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর অবন্তী বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নেন তিনি। এরপর গতবছর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে আব্রাহাম খান জয়।
এই চিত্রনায়িকার দাবি, শাকিবের কারণেই বিয়ে ও সন্তান হওয়ার খবর চেপে রেখেছিলেন তিনি।
এর পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিভিন্ন রকম কথা বলে আসছেন বাংলাদেশের সবচেয়ে বেশি সম্মানি নেওয়া চলচ্চিত্র অভিনেতা শাকিব।
কোথাও তিনি দাবি করেছেন, অপুকে তিনি বিয়েই করেননি। আবার কোনো কোনা সংবাদমাধ্যমের কাছে বিয়ের কথা স্বীকার করলেও বলেছেন, সন্তানের দায়িত্ব তিনি নেবেন, অপুর না।
সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২০০৮ সালে আমাদের বিয়ে হয়েছে ঠিক। আমাদের ছেলের দায়িত্ব আমি নিচ্ছি। অপু আজকে যে কাজটা করল সেটি ভালো করেনি।”
আগামী সিনেমা রংবাজে তার বিপরীতে আসছেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। আর এ কারণে ক্ষেপে গিয়েই অপু এতোদিন পর টেলিভিশনের সামনে এসেছেন বলে দাবি শাকিবের।
মঙ্গলবার ফেইসবুকে শাকিব লিখেছেন, “এটা অবশ্যই আমার জন্য চক্রান্ত, আমি এখন দেশের বাইরে জনপ্রিয় হচ্ছি। তাই এটা আমার প্রতিপক্ষের একটা ষড়যন্ত্রের অংশ। আমার বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে আমি সময়মত সঠিকটা জানাবো। তাই দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের আমার প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ করছি।”
