জ্যাকি-নিনার ‘খুজলি’তে মজলো দর্শকও
জ্যাকি শ্রফ ও নিনা গুপ্ত অভিনীত শর্টফিল্ম ‘খুজলি’ ইউটিউবে দেখা হয়েছে প্রায় দশ লাখবার।
পঁচিশ বছরের বিবাহিত জীবন গিরিধারীলাল আর রূপমতির। গিরিধারী’র রয়েছে চুলকানির সমস্যা আর রূপমতি পড়েন ‘ফিফটি শেডস অফ গ্রে’র মতো আধুনিক ইরটিক উপন্যাস। একদিন চুলকানির মলম খুঁজতে গিয়ে গিরিধারী ছেলের কক্ষে পেয়ে যান একটি হাতকড়া, যা ব্যবহার করা হয় বিডিএসম-এর মতো যৌন আচরণে। সেই হাতকড়া ঘিরেই শুরু হয় মাঝবয়সী এই দম্পতির রোমাঞ্চপূর্ণ নতুন অভিযান!
পনের মিনিটের কিছু বেশি এই দৈর্ঘ্যে নির্মাতা তুলে এনেছেন একেঘেয়ে জীবনের ফাঁকেও দম্পতিদের অবদমিত বাসনার কথা।
ইউটিউব চ্যানেল টেরিবলি টাইনি টকিজ (ট্রিপল টি) তৈরি করেছে শর্টফিল্মটি। এতে অভিনয় প্রসঙ্গে জ্যাকি শ্রফ বলেন, “ ‘খুজলি’ একটা হাল্কাচালের রোমান্সের গল্প। আমার গল্পটি খুব ভাল লেগেছে, আর যেভাবে সোনম নায়ার এটি বলেছেন, তাও খুব সুন্দর। আমি সত্যিই ট্রিপল টি’র সঙ্গে কাজটি করে আনন্দ পেয়েছি।”
এই বয়সেও এমন একটি চরিত্রে অভিনয় কীভাবে করলেন, জ্যাকি শ্রফ-এর কাছে তা জানতে চেয়েছিল হিন্দুস্তান টাইমস। উত্তরে ঠাট্টা করে জ্যাকি বলেন বলেন, “যখন আপনার নির্মাতা হান্টার হাতে আপনার দিকে তেড়ে আসবে, তখন কিঙ্কি না হয়ে উপায় কি!”
নিনা গুপ্তও বলেন এতে অভিনয়টা দারুণ উপভোগ্ করেছেন তিনি।
“চিত্রনাট্য পড়ে যতটা মজা পেয়েছি, অভিনয় করে এর চেয়েও বেশি মজা পেয়েছি। অভিনেতারাই যখন এত মজা পেয়েছেন, আমি নিশ্চিত, দর্শকরাও এটি উপভোগ করবেন,” বলেন তিনি।
