মাহেরশালা আলিকে অভিনন্দিত করায় তোপের মুখে পাকিস্তানি কূটনীতিক
বিশ্বের প্রথম মুসলিম অভিনেতা হিসেবে মাহেরশালা আলির অস্কার জয়ে তাকে অভিনন্দিত করায় তোপের মুখে পড়েছেন জাতিসংঘে পাকিস্তানের দূত মালিহা লোদি।
রোববার ৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর আসরে ‘মুনলাইট’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার অস্কার জেতেন মাহেরশালা। এর মাধ্যমে তিনিই হয়ে ওঠেন ইতিহাসের সর্বপ্রথম মুসলিম অস্কারজয়ী।
মার্কিন এই অভিনেতা জন্মসূত্রে খৃষ্টান হলেও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন এবং আহমাদীয়া গোষ্ঠীতে যোগ দেন।
পাকিস্তানে সাংবিধানিকভাবে আহমাদীয় জনগোষ্ঠীকে ‘অমুসলিম’ হিসেবে গণ্য করা হয়। দেশটির সংবিধানের ২৬০-৩ নম্বর অনুচ্ছেদে আহমাদিয়াদের ‘অমুসলিম’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আর তাই মালিহা লোদি বিশ্বের প্রথম মুসলিম হিসেবে মাহেরশালাকে টুইটারে অভিনন্দন জানালে তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তানিরা। সমালোচনার জেরে নিজের ওই পোস্ট টুইটার থেকে মুছে ফেলতে বাধ্য হন মালিহা।
এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়া ‘মুনলাইট’-এ মাহেরশালা আলি অভিনয় করেছেন এক মাদক ব্যবসায়ীর চরিত্রে, যে, সিনেমার মূল চরিত্র শিরনের, কৈশরে বৈরি পরিবেশের সঙ্গে তাকে খাপ খাইয়ে নিতে সাহায্য করে।
