ফেব্রুয়ারিতেই ‘রবীন্দ্রনাথ ২০১৭’
রবীন্দ্রনাথের উপর উল্লেখযোগ্য প্রামান্যচিত্রের তালিকা খুব বেশি নয়, সেই তালিকায় সংযুক্ত হল ‘রবীন্দ্রনাথ ২০১৭’।
আশি বছরের জীবনে দশ বছর তিনি বসবাস করেছিলেন বাংলাদেশে। শিলাইদহের কুঠিবাড়ি, শাহজাদপুরের কাছারিবাড়ি কিংবা নওগার পাতিসর এখনো রবীন্দ্রনাথের স্মৃতি বহন করছে। অথচ বাংলাদেশ থেকে রবীন্দ্রনাথের ওপর উল্লেখযোগ্য কোনো প্রামান্যচিত্র নির্মাণ হয়নি। এবার সে ঋণ শোধ করলেন কবি ও নির্মাতা শ্যামল চন্দ্র নাথ। সম্প্রতি তার পরিচালনায় নির্মিত হল প্রামান্যচিত্র ‘রবীন্দ্রনাথ ২০১৭’।
রবীন্দ্রনাথের উপর উল্লেখযোগ্য প্রামান্যচিত্র নির্মাতাদের তালিকা খুব বেশি নয়, সত্যজিত রায় ঋতুপর্ণ ঘোষ নির্মিত প্রামান্যচিত্রগুলোই গ্রহনযোগ্যাতা পেয়েছে। সম্প্রতি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে নির্মিত হয়েছে আরেকটি প্রামান্যচিত্র। এমন উদ্যোগের পাশে স্থান করে নিতে শ্যামল চন্দ্র নাথ উদ্যোগী হলেন রবীন্দ্রনাথের ওপর প্রামান্যচিত্র নির্মাণে। রবিবার দুপুরে গ্লিটজ এর সঙ্গে আলাপকালে তিনি জানালেন, অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিলো রবীন্দ্রনাথের ওপর একটি প্রামান্যচিত্র নির্মাণের। প্রফেসর আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ভাষা সৈনিক আহমদ রফিক আমাকে এ কাজে অনুপ্রেরণা দিলেন। তাদের অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় আমি প্রামান্যচিত্রটি নির্মাণে ব্রতী হই।
শ্যামল চন্দ্র নাথ জানান, এ প্রামান্যচিত্রে রবীন্দ্রনাথকে প্রত্যক্ষে দেখার অভিজ্ঞতা ও তাঁকে ঘিরে নানা বিতর্ক নিয়ে কথা বলেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও কবি ও গবেষক পবিত্র সরকার আলোকপাত করেছেন বৈশ্বিক রবীন্দ্রনাথ নিয়ে। ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ভাষা সৈনিক আহমেদ রফিক, ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, প্রাবন্ধিক যতীন সরকার এবং গানে রেজওয়ানা চৌধুরী বন্যা ( বাংলাদেশ) এবং জাপান থেকে এ প্রামান্যচিত্রে অংশ নিয়েছেন প্রাবন্ধিক প্রবীর বিকাশ সরকার।
জাপানের টোকিও, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, বোলপুরের শান্তিনিকেতন ছাড়াও বাংলাদেশের ঢাকা, শিলাইদহ কুঠিবাড়ি, সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়ি, নওগার পাতিসরের রবীন্দ্রনাথের যাপিত জীবনের নানা চিত্র তুলে ধরেছেন নির্মাতা শ্যামল চন্দ্র নাথ। নির্মাতা জানান, ২০১৭-র ফেব্রুয়ারিতেই প্রামান্যচিত্রটি মুক্তি দিতে যাচ্ছেন তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে তার।
‘রবীন্দ্রনাথ ২০১৭’ প্রযোজনা করেছে ফুল ফ্রেম সিনেমা।
