রানভিরের মাথায় ‘টেবিল ভাঙতে চান’ সালমান!
প্যারিসের এক থিয়েটারে ‘সুলতান’ এর প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে দর্শকদের সাথে উত্তেজনাবশত অল্প করে নেচেই দিলেন রানভির সিং। আর এতে বেজায় খেপেছেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা সালমান খান।
সালমানের অভিযোগ রানভির-এর এমন কীর্তি দর্শকদের মনোযোগ সিনেমায় না থেকে চলে গেছে তার নাচের দিকে, যা ‘দাবাং খান’ মোটেও পছন্দ করেননি।
রানভিরের নাচার কোনো ভিডিও দেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, “আমি দেখেছি এবং আমার ইচ্ছে করছে তার মাথায় একটা চেয়ার ভাঙি। সিনেমা দেখতে গিয়েছ, সিনেমাটাই দেখ। সেখানে নাচা শুরু করে দর্শকদের মনোযোগ আর সিনেমায় ব্যাঘাত ঘটানো মোটেই ঠিক নয়।”
তিনি আরও বলেন, “আমি তো বুঝেই উঠতে পারছিলাম না যে কি হচ্ছিল সেখানে! আমার মনে হয় সে সিনেমা দেখতে যায়নি বরং লোকজনকে নিজেকে দেখাতে গিয়েছে। আমাদের উচিত এই রকম ব্যবহারের জন্য ওর জরিমানা করা।”
সম্প্রতি প্যারিসের একটি সিঙ্গল স্ক্রিন ভারতীয় থিয়েটারে ‘সুলতান’ সিনেমার প্রদর্শনীতে দেখা যায় অনেক দর্শকের সাথে পর্দার সামনে নাচানাচি করছেন রানভির সিং। আর সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সবদিকে, যা চক্ষুগোচর হওয়ায় বেজায় খেপেছেন সাল্লুবাবা।
রানভির অবশ্য কাজটি করেছেন সালমানের ‘ভক্ত’ হিসেবেই। অন্তত টুইটারে তিনি দাবি করেন এমনটাই।
এর আগে শাহরুখ খানের সিনেমা ‘ফ্যান’-এর গানের তালে একটি ভিডিওতে নাচতে দেখা গেছে রানভিরকে। ওই ভিডিওতে অবশ্য শাহরুখ নিজেও ছিলেন, এবং তিনি বিষয়টিকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।
এখন দেখার বিষয়, সালমানকে কিভাবে শান্ত করেন রানভির!
সালমান খানের সদ্য মুক্তি পাওয়া এই ‘সুলতান’ পুরোদমে চলছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। দর্শকরা তো বটেই সমালোচকরাও এই সিনেমায় সালমানের অভিনয়কে দিয়েছেন ১০-এ ১০। এর প্রভাব পড়েছে বক্স অফিসেও। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী তিনশ’ কোটি রুপি আয় করে ফেলেছে সিনেমাটি।
স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। সিনেমায় সালমানের সহধর্মিনীর ভূমিকায় অভিনয় করেছেন আনুশকা শর্মা।
