দুই দিনেই শত কোটির পথে ‘সুলতান’
ভারতীয় বক্স অফিসে এখন চলছে ‘সুলতান’-এর রাজত্ব। ঈদ মৌসুমে ৬ জুলাই মুক্তি পেয়ে এরমধ্যেই সালমান খান অভিনীত সিনেমাটি উঠিয়ে নিয়েছে ৭৩ কোটি রুপি।
বাণিজ্য বিশ্লেষক তারাণ আদার্শ আশা করছেন, তৃতীয় দিনেই ‘সুলতান’-এর আয়ের এই অঙ্ক ছুঁয়ে ফেলবে শত কোটির ঘর।
‘সুলতান’-এর দুইদিনের আয়ের হিসাব তুলে ধরে তারানের টুইট, “ ‘সুলতান’ দ্বিতীয় দিনেও মনে রাখার মতো ব্যবসা করেছে। দুই দিনে আয় ৭৩ কোটি ৭৪ লাখ রুপি। অসাধারণ!”
এমনটি যে হতে চলেছে, তারান আদার্শ ভবিষ্যদ্বাণী করেছিলেন আগেই। টুইটারে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি প্রথমেই উল্লেখ করেছিলেন ‘সুলতান’-এর কথা। তিনি বলেন, ঈদের দিন সহ, টানা পাঁচদিনের ছুটিতে ভারতে ঝড় তুলবে ‘সুলতান’।
“ভারতে ঈদ উৎসব শুরু করে যাচ্ছে। আর একই সাথে ‘সুলতানের’বক্স অফিসে রাজত্ব। পাঁচ দিনের ওপেনিং পাচ্ছে সিনেমাটি।”
ঈদের একদিন আগে মুক্তি পেয়ে ‘সুলাতান’ প্রথম দিনেই আয় করে ৩৬ কোটি ৫৪ লাখ রুপি।
তারান আদার্শ জানিয়েছেন, এর মাধ্যমে চলতি বছরের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ডটা নিজের করে নিয়েছেন সালমান। পেছনে ফেলেছেন শাহরুখ খান-এর এই বছরের সিনেমা ‘ফ্যান’-এর প্রথম দিনের আয়কে(১৯.২০ কোটি)।
সালমানের অভিনীত সিনেমাগুলির মধ্যে ‘সুলতান’-এর উদ্বাধনী আয় এখন দ্বিতীয় সর্বোচ্চ। ৪০ কোটি ৩৫ লাখ রুপির উদ্বোধনী আয় দিয়ে এখনও শীর্ষে আছে ২০১৫ সালের সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’।
তারানের টুইটের মাধ্যমে ভারতের বাইরে ‘সুলতান’ সিনেমার আয়ের ব্যাপারেও ধারণা পাওয়া যায়। বিশ্বব্যাপী এরইমধ্যে ২০ কোটি ৫০ লাখ রুপি আয় করে নিয়েছে সিনেমাটি। আমেরিকা এবং কানাডাতে পাঁচ কোটি রুপি এবং ব্রিটেনে দুই কোটি রুপি আয় করেছে ‘সুলতান’। পাকিস্তান এবং বিটেনে এখন বক্স অফিসের শীর্ষে অবস্থান করছে সিনেমাটি।
আলি আব্বাস জাফর পরিচালিত স্পোর্ট ড্রামা ঘরানার সিনেমাটিতে ভারতীয় কুস্তিগীর সুলতান আলি খানের ভূমিকায় অভিনয় করেছেন সালমান। সিনেমায় তার বিপরীতে ছিলেন আনুশকা শর্মা। ভারতব্যপী সাড়ে চার হাহার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
