২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রাবন্তীর বাগদান: জেনে নিন দশ তথ্য

দীর্ঘ প্রতীক্ষা শেষে চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। জুলাই এর ৮ তারিখ দীর্ঘদিনের প্রেমিক কৃষাণ ভ্রজের সঙ্গে আংটি বদল করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 02:18 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

পুরনো খবর:

বিয়ে করছেন শ্রাবন্তী

ঈদ মৌসুমটাও কেটেছে ধুমধাম। এসকে মুভিজ আর জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে অভিনয় করেছেন 'শিকারি' সিনেমায়, যেখানে তার বিপরীতে আছেন বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান। তবে শত ব্যাস্ততার মাঝেও বাগদানের প্রস্তুতিটা ঠিকই সেরে রেখেছেন এই অভিনেত্রী। দেখে নেওয়া যাক শ্রাবন্তীর দ্বিতীয় বিয়ের টুকটাক খবরাখবর, একই সঙ্গে তার বর্তমান জীবন যাপনের চালচিত্র-

১. শ্রাবন্তী এবার ঝুঁকেছেন কৃষাণ ভ্রজ নামে এক সুপার মডেলের দিকে। প্রেমের ব্যাপারটা প্রথম প্রকাশিত হবার পর গণমাধ্যম রীতিমত হামলে পড়ে শ্রাবন্তীর উপর তার নতুন প্রেমিকের খোঁজ খবর নিতে। তখন 'টাইমস অফ ইন্ডিয়া'কে শ্রাবন্তী জানান, "সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আগে কখনও হয়নি এমন। প্রথমবারের মতো, ফেইসবুকে ছবি দিতে আমি লজ্জা পাইনি।"

২. বন্ধুত্বটা হয়েছিল প্রায় দুবছর আগে। তবে সম্পর্কে জড়ানোর ব্যাপারে দুজনই সিদ্ধান্ত নিয়েছেন, তার এক বছর হলো। প্রথম দিকে এড়িয়ে যেতে চাইলেও গতবছরের শেষে নিজেদের সম্পর্কের ব্যাপারে খোলাখুলি কথা বলেন শ্রাবন্তী।

৩. কৃষাণ ভ্রজ পেশায় একজন সুপার মডেল। টালিগঞ্জেও তিনি বেশ পরিচিত এক মুখ, অভিনয় করেছেন বিভিন্ন বিজ্ঞাপনে। ল্যাকমে ফ্যাশন উইক থেকে শুরু করে মুম্বাইয়ের প্রখ্যাত ফ্যাশন হাউজগুলোর জন্য নিয়মিত র‍্যাম্পে হেঁটেছেন তিনি। কলকাতার একটি ফ্যাশন শো তে বিচারকের দায়িত্বও পালন করেছেন ২৯ বছর বয়সী কৃষাণ।

৪. শ্রাবন্তী আর কৃষাণের প্রথম দেখা মুম্বাইয়ে। মুম্বাই অধিবাসী কৃষাণ তো সেখানেই ছিলেন, শ্রাবন্তী এসেছিলেন সেখানে এক পণ্যের বিজ্ঞাপনে অংশ নিতে। অল্প সময়েই একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠেন দু'জন।

৫. চলতি বছরের শুরু থেকেই তাদের মাঝের সম্পর্ক আরও চাঙ্গা হয়ে ওঠে। কোথায় যাচ্ছেন, একসঙ্গে কি খাচ্ছেন- তার সব ছবিই শ্রাবন্তী কিংবা কৃষাণ শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেদের ভালোবাসা প্রকাশের এক নিদর্শন স্বরূপ একে অপরের নাম লিখে ট্যাটু করিয়েছেন দুজনই তাদের হাতে।

৬. সুদৃশ্য ঝা চকচকে এক স্বর্ণের আংটি উপহার দিয়ে কৃষাণ নিজের প্রেমের কথা শ্রাবন্তীকে জানিয়েছিলেন। 'টাইমস অফ ইন্ডিয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের প্রেমের ব্যাপারে কৃষাণ বলেছিলেন, "তার সরলতা আমাকে মুগ্ধ করে। তাকে দেখে মনেই হয় না সে একজন তারকা। সে যখন বাসায় থাকে, সে রাঁধে, ঝাড়ু দেয় এবং বাসার টুকিটাকি সব কাজ করে। এমন মেয়েকে আপনি ভালো না বেসে যাবেন কোথায়?"

৭. বাগদানে কৃষাণেরই বন্ধু ডিজাইনার রোহিত বালের ডিজাইন করা আনারকলি পড়বেন শ্রাবন্তী। এমনকি, বিয়েতে তার আঙ্গুলে থাকবে কৃষাণের উপহার দেওয়া এক হীরের আংটি।

৮. ১৯৯৭ সালে 'মায়ার বাঁধন' সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা শ্রাবন্তী মাত্র ১৬ বছর বয়সেই বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে। দশ বছরের দীর্ঘ বিয়ের সম্পর্ক ভেঙ্গে যায় ২০১৩ সালে এসে।

৯. রাজীবের সঙ্গে বিয়ে ভেঙ্গে যাবার পর তীব্র বিষণ্নতায় ভুগেছেন শ্রাবন্তী। এ নিয়ে শ্রাবন্তী বলেন, "ওটা থেকে মানুষ ঠিকই বেরিয়ে আসে। কিন্তু ডিপ্রেশন একটা হয়ই। যদি কেউ বলে ডিভোর্সের পর ডিপ্রেশন হয়নি, তা হলে সে মিথ্যে কথা বলছে। আমার তো অনেক বছরের বিয়ে ভেঙে গেল। প্রায় দশ বছরের। খুব টাফ ছিল ওই সময়টা।"

১০. রাজীবের সঙ্গে একটি সন্তানও রয়েছে শ্রাবন্তীর। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে ঝিনুক আবার কৃষাণের বিশাল ভক্ত।