শিকারি এবং মিষ্টি মেয়ের প্রেম (ভিডিও)
যৌথ প্রযোজনার সিনেমা 'শিকারি'তে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে ছিল গোটা জাতি। অতঃপর শেষ হল অপেক্ষার পালা, শাকিব-শ্রাবন্তির অনবদ্য রসায়ন অবাক করল সবাইকে।
বৃহস্পতিবার ১৬ জুন ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘শিকারি’ সিনেমার প্রথম গান ‘হারাবো তোকে’। উত্তেজনার পারদ চড়া ছিল আগে থেকেই, তাই গানটিপ্রকাশের সঙ্গে সঙ্গেই যেন হুমড়ি খেয়ে পড়ে শাকিব ভক্তরা।
‘শিকারি’তে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন টালিগঞ্জের ‘মিষ্টি মেয়ে’ শ্রাবন্তি চ্যাটার্জি। প্রথমবারের মত জুটি বাঁধলেও তাদের পর্দা রসায়ন হয়ে উঠেছে দারুণ উপভোগ্য।
ইন্দ্রদীপ দাশগুপ্তের লেখা ও সুর করা গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী শান। ৪ মিনিট ৫৮ সেকেন্ডের এই গানে শাকিব-শ্রাবন্তীর মৃদুমন্দ প্রেমের খুনসুটি চোখে পড়েছে লন্ডনের দৃষ্টিনন্দন বিভিন্ন লোকেশনে।
ইউটিউবেও দারুণ সাড়া ফেলেছে গানটি। প্রকাশিত হবার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই গানটি দেখা হয়েছে ২ লাখেরও বেশি বার। গানটিতে ‘লাইক’ দিয়েছেন প্রায় চার হাজারের মত ইউটিউব ব্যবহারকারী।
মন্তব্যের ঘরে গানের ভালো-মন্দ, যৌথ প্রযোজনা নিয়ে বিতর্ক ছাপিয়ে উঠেছে শাকিবের প্রশংসার ঝড়। এমনকি ভারতীয় বাঙালিরাও সাদরে গ্রহণ করেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকাকে।
বদলে যাওয়া শাকিবের ঝলক দেখে এক ভারতীয় মন্তব্য করেছেন , "হে ঈশ্বর! এটা কি শাকিব খান!" শাকিবের ভূয়সী প্রশংসা দেখা গেছে আরেক ভারতীয়র মন্তব্যেও। তিনি লিখেছেন, "এই একটি ভালো ছেলে দেখলাম বাংলাদেশে যাকে মনে হয় একজন হিরো।"
এদিকে গানের মান এবং শাকিব- শ্রাবন্তি জুটি নিয়েও মন্তব্য করেছেন অনেকে। একজন গানের কথা নিয়ে আশাহত হলেও প্রশংসা করেছেন শাকিব- শ্রাবন্তির রসায়নের। আরেকজন লিখেছেন, "গান ভালো ছিলো। সবকিছু দারুণ ছিল। শাকিবশ্রাবন্তি দুজনই অসাধারণ।"
লিখেছেন, "এই প্রথমবার শাকিব খানের কোন গান ডাউনলোড করলাম। অসাধারণ গান এবং দুর্দান্ত কোরিওগ্রাফি।" আরেকজন বলছেন, "এক কথায় দারুণ হয়েছে গানটা। আসলে এতোদিন ভালো পরিচালকের অভাবে আমাদের শাকিব খানকে ভালোভাবে উপস্থাপন করা হয়নি। কিন্তু আজ নতুন এক শাকিবকে দেখলাম।
এসকে মুভিজ এর পেইজে ভারতীয় একজন ভক্ত লিখেছেন, "ধন্যবাদ। এমনই এক শাকিবকে দেখতে চাচ্ছিলাম আমরা।" সিনেমাটি নিঃসন্দেহে ব্লকবাস্টার হতে চলেছে, এমনটাই আশা করেছেন অনেক ভক্তই।
জয়দিপ মুখার্জির পরিচালনায় সিনেমাটি মুক্তি পাচ্ছে এই ঈদে।
