কান চলচ্চিত্র উৎসব: প্রথম দিনেই ‘ধর্ষণ’ নিয়ে কৌতুক
উদ্বোধনী প্রদর্শনীতে নিজের সিনেমা নিয়ে দর্শকের ভূয়সী প্রশংসা পেলেও কান উৎসবের প্রথম দিনটি ভালো কাটেনি নির্মাতা উডি অ্যালেনের জন্য। পুরনো এক যৌন নির্যাতনের অভিযোগের সূত্র ধরে সবার সামনে বিদ্রুপ মেশানো এক কৌতুকের শিকার হন তিনি।
কানের এবারের আসরের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন ফরাসি কৌতুকাভিনেতা লরেন্ট লাফিতে। ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মিরর’ বলছে, হালকা চালে সঞ্চালনার মাঝে হঠাৎ অ্যালেনের তিক্ত অতীত মনে করিয়ে দর্শকদের ভ্রু কুঁচকে দেন লাফিতে।
১৯৯৩ সালে নিজের পালিত সাত বছরের মেয়ে ডিলান ফ্যারোকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে উডি অ্যালেনের বিরুদ্ধে। তিনি এই দায় অস্বীকার করলেও বছরখানেকের আইনি ঝামেলায় ডিলানের তত্ত্বাবধানের অধিকার হারাতে হয়েছিলো অ্যালেনকে। এতদিন ধরে এই ঘটনা নিয়ে কোনো কথা না উঠলেও ২০১৪ সালে ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকাটি অ্যালেনের বিতর্কিত অতীতের তীব্র সমালোচনা করে।
এই ঘটনাকে মনে করিয়ে দিয়েই সঞ্চালক লাফিতে অনুষ্ঠানে বলেন, “এটা নিশ্চয়ই দারুণ যে আপনি ইউরোপ মহাদেশে অনেক সিনেমার শুটিং করছেন, যদিও আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়নি।”কথাটি অবশ্য আরেক কিংবদন্তী নির্মাতা রোমান পোলান্সকিকেও উদ্দেশ্য করে বলা, কেননা তার বিরুদ্ধে ১৩ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হলে তিনি ইউরোপে পালিয়ে আসেন।
‘ধর্ষণ’জনিত এ ধরণের কৌতুককে হালকাভাবে নেননি অনেকেই, বিশেষ করে অ্যালেনের‘ক্যাফে সোসাইটি’ সিনেমার অভিনেত্রী ব্লেইক লাইভলি।
‘ভ্যারাইটি’কে দেওয়া সাক্ষাৎকারে লাফিতের তীব্র সমালোচনা করে লাইভলি জানান, “আমি মনে করি হিটলার, হোমোফোবিয়া (সমকামীদের প্রতি ঘৃণা বা ভয়) কিংবা ধর্ষণ নিয়ে করা কৌতুক কখনই কোনো কৌতুক নয়।”
লাফিতের এরকম কৌতুক প্রবণতাকে কোনভাবেই ভালো চোখে দেখছেন না ‘দ্য এজ অফ অ্যাডেলাইন’ খ্যাত এই তারকা অভিনেত্রী, “ব্যাপারটি শুধু উডি বিষয়ক নয়। সমকামীদের বিদ্রুপ করে টানা তিনটি মন্তব্য তিনি করেছেন, এরপর হিটলার এবং ধর্ষণ নিয়ে। সবকিছুই ঘটেছে মাত্র ৩০ সেকেন্ডের ভেতর। হচ্ছিলটা কি তখন? পুরো বিষয়টি বিভ্রান্তিকর ছিল।”
“আমার মনে হয় কথাগুলো ৩০সেকেন্ডে হজম করা বেশ শক্ত কাজ ছিল।”- সরাসরি জানান ব্লেইক।
প্রথম দিনই এক বিতর্কিত ঘটনা দিয়ে শুরু হওয়া এবারের কান উৎসবের সমাপ্তি টানা হবে ২২শে মে।
