কানকে ঘিরে কড়া নিরাপত্তা বলয়
প্যারিস বোমা হামলার ক্ষত সারেনি এখনও; এদিকে কড়া নাড়ছে কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসর। আর তাই, জঙ্গি হামলা এড়াতে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই ১২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বিখ্যাত এই চলচ্চিত্র আয়োজন।
রয়টার্স বলছে, উৎসবের সব প্রস্তুতি শেষ হলেও নিরাপত্তার ব্যাপারটিতে একেবারেই ছাড় দিতে চাচ্ছে না ফরাসি সরকার এবং উৎসব কর্তৃপক্ষ। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মীক উপস্থিত থাকবেন অনুষ্ঠানস্থলে, জানিয়েছেন অভ্যন্তরীন মন্ত্রী বার্নার্ড ক্যাজনুভে।
জঙ্গি তৎপরতা রোধে উৎসবজুড়ে ব্যস্ত থাকবেন ৪০০ নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা। সেই সঙ্গে যেকোন পরিস্থিতি সামাল দিতে উৎসবস্থলে সতর্ক দৃষ্টি রাখবেন কয়েকশত পুলিশ এবং বিশেষ বাহিনী, একটি সম্মেলনে এমনটাই জানান ক্যাজনুভে।
ইসলামিক স্টেট পরিচালিত নৃশংস বোমা হামলায় নভেম্বর থেকেই জরুরি অবস্থা চলছে ফ্রান্সে। প্যারিসের কয়েকটি ক্যাফে, কনসার্ট হল এবং স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে আইএস বোমা হামলায় নিহত হয়েছিল ১৩০ জন।
এর আগে ১৯৭৮ সালে এক ভয়ঙ্কর বোমা হামলা থেকে বেঁচে গিয়েছিল ফ্রান্স। কান উৎসবের প্যালাইস দ্য ফেস্টিভালের স্টেজ থেকে উদ্ধার করা হয়েছিল বিস্ফোরনের জন্য রেখে যাওয়া এক বোমা।
বুধবার প্রখ্যাত পরিচালক উডি অ্যালেনের 'ক্যাফে সোসাইটি' প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে এবারের কান উৎসবের।
