২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও ‘বুড়িয়ে’ যাননি উডি অ্যালেন

বয়স আশির কোঠা পেরিয়েছে গত বছর, কিন্তু থামার কোন লক্ষণই নেই মার্কিন নির্মাতা উডি অ্যালেনের। এবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনও হয়েছে তার সিনেমা ‘ক্যাফে সোসাইটি’ দিয়ে। এখনই অবসরে যাওয়ার কোন পরিকল্পনা নেই, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 04:31 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

নিজের ৪৯তম সিনেমার প্রদর্শনী হয়েছে বুধবার, শীঘ্রই শুরু করতে যাচ্ছেন ৫০তম সিনেমার কাজ। আশি পেরোলেও যে এখনই ফুরোননি, জানালেন সংবাদ সম্মেলনে, “আশি তো হলো এবং আমার বিশ্বাসই হচ্ছে না। এখনও যে আমি প্রাণোচ্ছ্বল, চঞ্চল, চটপটে, উদ্যোমী এবং মানসিকভাবে প্রাণবন্ত; এটা বেশ দারুণ।”

সাফ জানালেন, কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাওয়া ‘ক্যাফে সোসাইটি’-ই তার শেষ সিনেমা নয়।

“ব্যাপারটি দারুণ, কিন্তু আমি নিজের ভেতর বুড়িয়ে যাওয়াটা অনুভব করি না। এখন আমি এ ব্যাপারে নিশ্চিত যে একদিন সকালে আমি ঘুম থেকে উঠবো এবং আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হবে। আমি তখন সেসব মানুষের মধ্যে হবো যাদের আপনি দেখবেন হুইলচেয়ারে ঘুরে বেড়ায় এবং বলবেন, ‘একে মনে পড়ে? তিনি উডি অ্যালেন’। এরকম অবস্থা যতদিন না হচ্ছে এবং যতদিন মানুষ আমার পেছনে বোকার মত টাকা ঢেলে যাবে, আমি সিনেমা বানিয়ে যাবো।”- স্বভাবগত কৌতুকের সঙ্গেই জবাব দিলেন অ্যালেন। 

এবারের ‘ক্যাফে সোসাইটি’ হতে চলেছে কান উদ্বোধনে অ্যালেনের সবমিলিয়ে তৃতীয় সিনেমা। এর আগেও ২০০২ সালে প্রদর্শিত হয়েছিল ‘হলিউড এন্ডিং’, পরবর্তীতে ২০১১ সালে প্রদর্শিত হয় তার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘মিডনাইট ইন প্যারিস’। 

এই সিনেমা দিয়ে তৃতীয়বারের মতো পর্দা জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট আর জেসি আইজেনবার্গ। এর আগে দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন ‘অ্যাডভেঞ্চারল্যান্ড’ আর ‘আমেরিকান আলট্রা’ সিনেমা দুটিতে। 

‘ক্যাফে সোসাইটি’র গল্প এগিয়েছে হলিউডের স্বর্ণালী যুগকে কেন্দ্র করে। তারকা হওয়ার স্বপ্ন নিয়ে নিউ ইয়র্ক ছেড়ে হলিউডে হাজির হয় ববি ডর্ফম্যান (আইজেনবার্গ), উদ্দেশ্য চাচা ফিলের (স্টিভ ক্যারেল) তদবিরে কোনো এক সিনেমায় অভিনয়ের সুযোগ বাগিয়ে নেওয়া। কিন্তু সকল উচ্চাশা মিলিয়ে যায় ভনিকে (ক্রিস্টেন স্টুয়ার্ট) দেখার পর। কিন্তু তার সঙ্গে এখনই সখ্যতা বাড়ালে চলবে না ববির, অপেক্ষা করতে হবে বর্তমান প্রেমিকের সঙ্গে ভনির বিচ্ছেদের।

নিজে যেমন সিনেমা পরিচালনা করেছেন, এক সময় অভিনয়টাও করেছেন চুটিয়ে। ‘ক্যাফে সোসাইটি’তে তার অভিনয় করার কথা থাকলেও শেষ মূহুর্তে সরে দাঁড়ান উডি অ্যালেন।

জানালেন এর পেছনের কারণ, “এটা যদি এক বছর আগেও হতো, তবে আমি জেসি আইজেনবার্গের চরিত্রটিতে অভিনয় করতাম কেননা আমি একজন কমেডিয়ান, অভিনেতা নই। জেসি অবশ্য চরিত্রটিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।”

অ্যালেনের নতুন এই সিনেমা মুগ্ধ করেছে কানের দর্শক-সমালোচকদের। উদ্বোধনী প্রদর্শনী শেষে অ্যালেনের কীর্তিকে দাাঁড়িয়ে সম্মান জানান দর্শক।