২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠলো কান-এর

জাঁকজমক এক উদ্বোধনী দিয়ে ফ্রান্সে শুরু হলো এ বছরের কান চলচ্চিত্র উৎসব। ফরাসি উপকূলীয় শহর কানের সি রিসোর্টে বুধবার সন্ধ্যায় শুরু হয় কান উৎসবটির ৬৯তম আসর।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 04:16 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

প্রথমেই লাল গালিচায় হেঁটে অনুষ্ঠানে প্রবেশ করেন উৎসবের বিচারক মণ্ডলী এবং উদ্বোধনী সিনেমার কলাকুশলীরা। ৬৯তম আসরে উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচন করা হয়েছে কিংবদন্তী নির্মাতা উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’ সিনেমাটি।

এর আগেও দুবার অ্যালেনের সিনেমা কানে প্রদর্শিত হয়েছে আসরের উদ্বোধনী সিনেমা হিসেবে। ২০০২ সালে প্রদর্শিত হয় ‘হলিউড এন্ডিং’ এবং ২০১১ সালে প্রদর্শিত হয় ‘মিডনাইট ইন প্যারিস’। উৎসবের ‘প্রতিযোগিতাবিহীন’ বিভাগে ১৪টি সিনেমার মধ্যে অ্যালেনের সিনেমা নিয়েই আলোচনা চলছে বিস্তর।

মূল প্রতিযোগিতায় কেন অংশ নিচ্ছেন না,​ এমন প্রশ্নের জবাবে গুণী নির্মাতা এবং অভিনেতা উডি অ্যালেন জানান, “শৈল্পিক প্রদর্শনীতে আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি না। পুরো ব্যাপারটিই ব্যক্তিগত।”

অবশ্য এবারের কান উৎসব নিয়ে কিছু সমালোচনা উঠেছে পুরো উৎসব জুড়ে নারী অংশগ্রহণ কমে যাওয়ায়। ‘ম্যাড ম্যাক্স’ পরিচালক জর্জ মিলারের নেতৃত্বে নয় বিচারকের মধ্যে নারী রয়েছেন মাত্র চারজন। তারা হলেন মার্কিন অভিনেত্রী কারস্টেন ডানস্ট, ইরানি প্রযোজক কাতায়ুন শাহাবি, ইতালিয় নির্মাতা-অভিনেত্রী ভ্যালেরিয়া গোলিনো এবং ফরাসি অভিনেত্রী ভেনেসা পারাদিস।

কান আসরের সেরার স্বীকৃতি ‘পাম দ্য’অর’-এর জন্য এবার জমা পড়েছিল ১,৮৬৯টি সিনেমা। যার মধ্যে থেকে বাছাই করা ২১টি সিনেমা রয়েছে আসরের সেরা হওয়ার দৌঁড়ে।

‘পাম দ্য’অর’ পাওয়ার প্রতিযোগিতায় এবার এশিয়া মহাদেশ থেকে রয়েছে তিনটি সিনেমা।

এগারো দিনের এই জমজমাট আসরে পর্দা নামবে মের ২২ তারিখে।