আলিয়া যখন অচেনা
এই সময়ের পর্দা মাতানো অভিনেত্রীদের মধ্যে নিঃসন্দেহে আলিয়া ভাট অন্যতম। ভারত তো বটেই, বিশ্বব্যাপী এখন তার পরিচিতি কম নয়। তবে ‘উড়তা পাঞ্জাব’-এর সেটে আলিয়াকে চিনতে পারেনি তার সহশিল্পীরাই।
আভিশেক চৌবে পরিচালিত নতুন সিনেমা ‘উড়তা পাঞ্জাব’-এ একজন বিহারি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। জানালেন, চরিত্রের প্রয়োজনে এমন বেশ নিতে হয়েছিল যে শুটিং সেটের লোকজন প্রথমে তাকে চিনতেই পারেনি।
আলিয়া বলেন, “যখন আমরা শুটিং শুরু করলাম, আমি মেক আপ নিয়ে সেটে প্রবেশ করার পর দেখি আমাকে সবাই এড়িয়ে যাচ্ছে। কেউ আমাকে চিনতে পারেনি, বোঝেনি যে এটা আমি। হঠাৎ যখন আমি চৌবের সঙ্গে কথা বলা শুরু করি, তখন সবাই পাঁচ কদম পিছিয়ে যায়। তাদের মনে হচ্ছিল যেন দৃষ্টি বিভ্রম হয়েছে!”
আলিয়া আরও বলেন, “চরিত্রটি রাগী, ক্ষুব্ধ নাকি খ্যাপা, তার সঙ্গে আলিয়ার কোন সম্পর্ক নেই কারণ এটি আমার অভিনীত একটি চরিত্র। চরিত্রের প্রয়োজনে সবকিছু করতেই আমি রাজি।"
‘উড়তা পাঞ্জাব’-এ আরও দেখা যাবে শাহিদ কাপুর, দিলজিত দোসাঞ্জ এবং কারিনা কাপুর খানকে। সিনেমাটি মুক্তি পাবে ১৭ জুন।
