‘উড়তা পাঞ্জাব’ নিয়ে বিতর্কে আলিয়া
শাহিদ কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’-এর সদ্য প্রকাশ হওয়া ট্রেইলার নিয়ে বেশ খুশি ভক্তরা। যদিও বিহারি এক মেয়ের চরিত্রে আলিয়া ভাটকে দেখে ভিন্ন মত প্রকাশ করেছেন কেউ কেউ। ট্রেইলার প্রকাশের পর ইন্টারনেটে একটি খোলা চিঠিতে অভিযোগ জানানো হয় আলিয়ার চরিত্রটি নিয়ে।
সিনেমায় আলিয়াকে দেখা যায় বিহারি এক উদীয়মান হকি খেলোয়াড়ের চরিত্রে, মাদক পাচারকারীদের খপ্পরে পরে পাঞ্জাবে চলে যেতে হয় যাকে। এই চরিত্রটিকেই নিজের ক্যারিয়ারের ‘সবচেয়ে কঠিন’ চরিত্র হিসেবে এর আগে গণমাধ্যমে উল্লেখ করেছেন আলিয়া। ট্রেইলারে তাকে দেখাও গেছে চিরচেনা গ্ল্যামারাস রূপ ঝেড়ে ফেলে ধুলা-কালি মাখা, ছেড়া পোশাকের উদভ্রান্ত এক অবতারে।
এতো পরিশ্রমের পরও এই চরিত্রে কিছু মানুষের মন জয় করতে পারেননি তিনি। বরং তার অভিনয় দক্ষতার সমালোচনা করে একটি খোলা চিঠি ছড়িয়ে পড়েছে অনলাইনে।
বিহারি এক নারীর লেখা ওই চিঠিতে উঠে আসে বিহারের ভাষা নিয়ে আলিয়ার অদক্ষতার
কথা। আরও বলা হয়, পোশাকআশাকে বিহারকে পুরোপুরিভাবে ধারণ করতে পারেননি ‘হাইওয়ে’-খ্যাত এই অভিনেত্রী। শুধু তাই নয়, নির্মাতা অভিষেক চৌবের পরিচালনার
গাফিলতির কথাও উঠে এসেছে সেখানে।
ব্যাপারটি কিন্তু মুখ বুজে সহ্য করেননি আলিয়া। টুইটারে এক বার্তার মাধ্যমে ঠিকই জবাব দিয়েছেন এই সমালোচনার।
টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে নিউটনের তৃতীয় সূত্রের সঙ্গে মিলিয়ে লেখা-- “প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে,সেই সঙ্গে আছে মিডিয়ার একটি অতিরিক্ত প্রতিক্রিয়াও।”
‘উড়তা পাঞ্জাব’ মুক্তি পাবে ২০১৬ সালের ১৭ জুন। সিনেমাতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন শাহিদ কাপুর, কারিনা কাপুর এবং দিলজিত দোসাঞ্জ।
