২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উড়তা পাঞ্জাব’- এ কোন শাহিদ!

চকোলেট বয়ের ইমেজ ঝেড়ে পেটানো শরীরের রুদ্রমূর্তি নিয়ে পর্দায় আগেও হাজির হয়েছেন শাহিদ কাপুর; কিন্তু লম্বা চুলের উদভ্রান্ত চেহারার নেশায় মত্ত রকস্টারের রূপে এই প্রথম উপস্থিত হলেন তিনি। নতুন সিনেমা ‘উড়তা পাঞ্জাব’-এর কোকেইনখোর রকস্টার টমি সিংয়ের চরিত্রে এভাবেই দেখা গেল তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 08:11 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

পাঞ্জাবের মাদক চোরাচালানের মত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘উড়তা পাঞ্জাব’। অভিশেক চৌবে’র নির্দেশনায় সিনেমাটিকে ড্রাগ-ড্রামা হিসেবে উল্লেখ করা হলেও উপস্থাপনার দিক থেকে এর মিল ডার্ক কমেডির সঙ্গেই বেশি। সিনেমায় শাহিদের সঙ্গে আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, কারিনা কাপুর এবং দিলজিত দোসাঞ্জ।

সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হবার খবরটা নিজেই ভক্তদের কাছে পৌঁছে দেন শাহিদ কাপুর। নিজের টুইটার আকাউন্টে তিনি ভক্তদের উদ্দেশ্যে লেখেন, “উড়ন্ত যাত্রা সবে শুরু হলো... অনেক ভালোবাসা রইলো। #উড়তাপাঞ্জাবট্রেইলার”

তিন মিনিট নয় সেকেন্ডের ট্রেইলারে নজর কেড়ে নিয়েছেন সিনেমায় রকস্টার টমি সিংয়ের ভূমিকায় অভিনয় করা শাহিদ। সবসময় মাদকের নেশায় বিভোর টমিকে দেখানো হয়েছে পাঞ্জাবের বেপথু তরুণদের প্রতিভূ হিসেবে। ট্রেইলারের শুরুতেই একটি বার্তায় উঠে আসে সে ইঙ্গিত- “পাঞ্জাবের সত্তর শতাংশ তরুণই মাদকাসক্ত। পাঞ্জাব দ্রুতই পরিণত হচ্ছে মেক্সিকোতে।”

সিনেমায় আলিয়া ভাটকে দেখা গেছে বিহার থেকে আসা এক নারীর ভূমিকায়। অভিনয়ের সাবলীলতায় আলিয়া মনে করিয়ে দিয়েছেন ইমতিয়াজ আলির সিনেমা ‘হাইওয়ে’তে তার চরিত্র ভিরার কথা।

কারিনা কাপুরের সঙ্গে শাহিদ প্রেমের ইতি ঘটিয়েছেন দীর্ঘদিন হলো। দুজনই এখন সংসার করছেন আলাদা আলাদা মানুষের সঙ্গে। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল তাদের দুজনের একসঙ্গে অভিনয় করা সর্বশেষ সিনেমা ‘জাব উই মেট’। দীর্ঘ আট বছর পর আবারও ‘উড়তা পাঞ্জাব’ দিয়ে একসঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন এই তারকাদ্বয়। তবে ট্রেইলারে দুজনকে চোখে পড়েনি একসঙ্গে। 

মাদক সেবন বন্ধে সচেতন একজন ডাক্তারের ভূমিকায় সিনেমায় অভিনয় করবেন কারিনা কাপুর খান। আর এই ‘উড়তা পাঞ্জাব’ দিয়েই বলিউড অঙ্গনে পা রাখতে যাচ্ছেন দিলজিত দোসাঞ্জ। মাদক চোরাকারবারদের ধরতে ব্যতিব্যস্ত একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে।  

পাঞ্জাবের গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে চরম হাস্যরসে মুড়িয়ে উপস্থাপন করেছেন নির্মাতা অভিষেক চৌবে। সংলাপেও চোখে পড়েছে বাগ-বৈদগ্ধের ছোঁয়া। এরই মধ্যে কারান জোহার, মাধুর ভান্ডারকারের মত নির্মাতা প্রশংসা করেছেন সিনেমাটির উপস্থাপনা ভঙ্গির।

সিনেমাটি দেখতে বলিউডপ্রেমীদের অপেক্ষা করতে হবে জুনের ১৭ তারিখ পর্যন্ত।