এক মঞ্চে শাহিদ-কারিনা
বিচ্ছেদের পর দীর্ঘ নয় বছর একে অপরের সামনে আসেননি শাহিদ কাপুর এবং কারিনা কাপুর খান। অবশেষে কাজের খাতিরে এক মঞ্চে দাঁড়ালেন সাবেক এই জুটি। তবে আচারণে ঠিকই বুঝিয়ে দিলেন, সম্পর্কের বরফ গলেনি এখনও।
সম্প্রতি নতুন সিনেমা ‘উড়তা পাঞ্জাব’এর ট্রেইলার উদ্বোধনের দিন একসঙ্গে মঞ্চে উপস্থিত হন শাহিদ-কারিনা। ২০০৭ সালে সাড়া জাগানো বিচ্ছেদের পর দুজনকে একসঙ্গে দেখা গেল এই প্রথম। মাঝখানে কেটে গেছে পুরো নয় বছর, একই সিনেমায় অভিনয় করা তো দূরে থাক, কোন অনুষ্ঠানেও মুখোমুখি হননি তারা।
এতদিন পর একসঙ্গে মঞ্চে উঠে অবশ্য খুব স্বাচ্ছন্দ্য বোধ করেননি সাবেক প্রেমিক-প্রেমিকা। একসময় যাদের মাঝে ছিল গভীর প্রেম, আজ সম্পূর্ণই অচেনার ভান করতে দেখা গেছে তাদেরকে। মিড ডে সাময়িকী বলছে, পুরো সময়টা কারিনার চোখেমুখে স্পষ্ট দেখা গেছে অস্বস্তি। শাহিদের ব্যবহারেও ধরা পড়েছে উশখুশ ভাব।
মুম্বাইয়ের আন্ধেরির এক মাল্টিপ্লেক্স সিনেমাহলে হয়ে গেল ‘উড়তা পাঞ্জাব’এর ট্রেইলার উদ্বোধন। এই সিনেমাতে একসঙ্গে কোন দৃশ্য না থাকলেও বলা যায়, ‘যাব উই মেট’এর পর ‘উড়তা পাঞ্জাব’ই হল একমাত্র সিনেমা যেখানে অভিনয় করেছেন শাহিদ-কারিনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক লাইনে দাঁড়িয়ে থাকলেও কারিনার দিকে চোখ তুলে তাকাননি শাহিদ। এমনকি তাদের যখন পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার অনুরোধ করেন সাংবাদিকরা, তখন শুরুতে রাজি হননি কেউই। পরে দুজনের মাঝে অস্বস্তি কাটাতে মাঝখানে গিয়ে দাঁড়ান ‘উড়তা পাঞ্জাব’এর আরেক অভিনেত্রী আলিয়া ভাট।
একসঙ্গে ছবি তোলা ছাড়াও সাংবাদিকদের অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হন তারা। ‘যাব উই মেট’-এর কোন সিকুয়াল হলে তাতে অভিনয় করবেন কিনা- এমন প্রশ্নও শুনতে হয় তাদের।
কারিনা এর উত্তরে বলেন, “আমার মনে হয় এই প্রশ্নের উত্তর ইমতিয়াজ আলিই (সিনেমাটির পরিচালক)দিতে পারবেন।”
ওদিকে শাহিদ বলেন, “ইমতিয়াজ যদি এরকম কিছু করতে চাইতেন, তবে এতোদিনে তা করে ফেলতেন। তিনি ওই প্রসঙ্গ থেকে অনেক আগেই সরে এসেছেন।”
২০০৪ সালে ‘ফিদা’ সিনেমার সেটে প্রেম হয় শাহিদ-কারিনার, এরপর তিন বছর কোন রাখঢাক না করেই চুটিয়ে প্রেম করেন দুজন। ২০০৭ সালে বিচ্ছেদ হয় তাদের। বলা হয়, শাহিদের সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় সাইফ আলি খানের প্রেমের পড়েছিলেন বেবো, ‘তাশান’ সিনেমার শুটিং করতে গিয়ে। আর তখনই তাদের বিচ্ছেদের সূত্রপাত।
সাইফের সঙ্গে পুরো ৫ বছর প্রেম শেষে ২০১২ সালে সংসার পাতেন কারিনা, হয়ে যান কারিনা কাপুর খান। এদিকে দীর্ঘদিন একা থাকার পর ২০১৫ সালের মার্চে পারিবারিক সম্মতিতে দিল্লির মেয়ে মিরা রাজপুতকে ঘরণী করে আনেন শাহিদ।
সেদিনের অনুষ্ঠানে কারিনার সঙ্গে মঞ্চে দাঁড়িয়েই শাহিদ স্বীকার করেন, বাবা হতে চলেছেন তিনি।
অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’এ শাহিদ-কারিনার সঙ্গে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং দিলজিত দোসাঞ্জ। এতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে কারিনাকে, এছাড়া শাহিদ থাকবেন মাদকাসক্ত এক রক সংগীত তারকার চরিত্রে। সিনেমাটি মুক্তি পাবে ১৭ জুন।
