২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যুষার আত্মহত্যা: মায়ানগরী মুম্বাইয়ের অন্ধকার রূপ

জামশেদপুরের মতো ছোট শহর থেকে মুম্বাইয়ে আছড়ে পড়ার পর প্রত্যুষা ব্যানার্জির মতো দিশেহারা অবস্থা হয়ে যায় অনেকেরই। কাজের চাপ এবং চুড়ান্ত রকমের একাকীত্ব থেকে জন্ম নেয় অবসাদ। আর ঝোপ বুঝে কোপ মারার তালে থাকে লাইনচ্যুত হয়ে যাওয়ার ভয় কিংবা সঠিক পথ ধরতে না পারার আতঙ্ক। কলকাতা থেকে মুম্বাইয়ে কাজ করতে গিয়ে এমনটাই দেখেছেন ইন্দ্রাণী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, চূর্ণী গঙ্গোপাধ্যায়কে, পাওলি দামরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 01:40 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

প্রেমিকের সাবেক বান্ধবীর যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন প্রত্যুষা? 
ভারতীয় টিভি অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু
কে এই প্রত্যুষা ব্যানার্জি?
প্রত্যুষার মৃত্যু: হত্যা না আত্মহত্যা?
প্রত্যুষার মৃত্যু শ্বাসরোধেই
প্রত্যুষার মৃত্যুর আগে যা ঘটেছিল

বিহারের জামশেদপুরে জন্ম নেওয়া প্রত্যুষা মাত্র ১৮ বছর বয়সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন কালার্স টিভির ‘বালিকা বধূ’ সিরিয়ালে অভিনয় করে। দর্শকদের কাছে নিজের নাম প্রত্যুষার চেয়ে নিজের অভিনীত চরিত্র আনন্দীর নামেই বেশি পরিচিত হয়ে ওঠেন। তার মতো এত কম সময়ে এতটা জনপ্রিয়তা বোধহয় ছোট পর্দার খুব কম তারকাই পেয়েছেন। তিন বছর টানা এই সিরিয়ালে অভিনয় করেন তিনি। একই সঙ্গে থিতু হন মুম্বাইয়ে। 

প্রত্যুষার ঝুলন্ত মৃতদেহ ১ এপ্রিল তার বাসভবন থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসরোধেই মৃত্যু হয়েছে প্রত্যুষার।

তার মতোই বাঙালি অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, চূর্ণী গঙ্গোপাধ্যায়, পাওলি দামরা মুম্বাই মাতিয়ে এসেছেন।

কলকাতায় খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় ১৯৯৪ সালে ‘তিসরা কৌন’ সিনেমায় অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরে আরো কয়েকটি সিনেমায় পরপর অভিনয় করেন, এখনও তার ধারাবাহিকতা বজায় আছে।

তিনি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে বলেন, “মুম্বাইতে নতুন করে নিজেকে চেনাতে হয়। আগের কাজের সূত্র ধরে কিছু যাচাই করা হয় না। এটা আসলে গতিসম্পন্ন টি টোয়েন্টি খেলা। সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নয়তো কেউ মনে রাখবে না।”

মুম্বাইয়ে এই হারিয়ে যাওয়ার ভয়েই বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রী আত্মপরিচয়ের সংকটে ভোগেন। অনেকে মুম্বাইয়ের দ্রুত গতির সঙ্গে তাল মেলাতে গিয়ে হোঁচট খান।

ঋতুপর্ণা আরো বলেন, “আমার মনে হয় কারো কাছে জবাবদিহি করাটা জরুরি। আমি কী করছি, কেন করছি? মুম্বাইয়ে কাজ করতে এসে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সবাই। এটাই মারাত্মক। এখান থেকেই একাকীত্বের জন্ম।”

'হেইট স্টোরি’ খ্যাত তারকা পাওলি দাম বললেন, “প্রথম মুম্বাইতে গিয়ে আমাকেও প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। তবে স্ট্রাগল না করলে জীবনে বড় হওয়া যায় না। নিজেই নিজের বাড়ি খুঁজেছি। কলকাতা থেকে গাড়ি নিয়ে গিয়েছি। অনেক দিন মুম্বাইতে কোনো কাজ ছিল না। তখন জায়গাটা এক্সপ্লোর করেছি। পৃথ্বী থিয়েটারে নাটক দেখেছি। নতুন মানুষের সঙ্গে আলাপ হয়েছে। আরে, সম্পর্ক না থাকলে না থাকবে। নতুন সম্পর্ক আবার আসবে। তার জন্য মৃত্যুর পথ বেছে নিতে হবে কেন? আমার আর্ট ডিজাইনার বন্ধু দিব্যি আছে মুম্বাইতে একা। মন খারাপ হলে মাউন্টেনিয়ারিং করে।’’

খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় কলকাতা থেকে একেবারেই নিজেকে সরিয়ে নিয়ে তুমুল আলোচনার জন্ম দেন ইন্দ্রানী হালদার। ‘মা শক্তি’ থেকে ‘মর্যাদা’ -  একটানা অভিনয় করে গেছেন সিরিয়ালে। ২০-২২ ঘণ্টা কাজ করছেন, অনেক সময় বাড়ি ফেরাই হতো না তার।

তিনি বলেন, “মুম্বাইতে একাই থাকতাম। তখন বন্ধু-বান্ধবদের নিয়ে প্রচুর পাটির্ও করেছি। কিন্তু লাগামছাড়া কিছু করিনি কখনও।”

ইন্দ্রাণী আরো বলেন, “‘মর্যাদা’ সিরিয়ালের পরও আমাকে পাঁচ মাস মুম্বইতে বসে থাকতে হয়েছিল। পরের সিরিয়ালের জন্য ওই প্রোডাকশন হাউজের সঙ্গে আমার চুক্তি হয়েছিল আমি অন্য কোথাও কাজ করতে পারবো না। পাগল পাগল লাগতো। তখন একাই ঘুরে বেরিয়েছি। একা একা সিনেমা দেখেছি। লোখান্ডওয়ালায় উইন্ডো শপিং করেছি। কী করবো? মুম্বই যা এক্সপেনসিভ! গাড়ি-বাড়ি-ড্রাইভার...”

এক সময় প্রত্যুষাকে খুব কাছ থেকে দেখেছেন ত্রিধা চৌধুরী। মুম্বাইয়ে থেকেই সিরিয়ালে অভিনয় করছেন তিনি। বললেন, “প্রত্যুষার ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। মুম্বইয়ে কাজ করতে আসা মানেই কাজ না পেলেও ধৈর্য ধরে থাকা। মাঝে মাঝে হতাশায় ভোগা। একগুচ্ছ ট্যালেন্টের সঙ্গে একার লড়াই চালিয়ে যাওয়া এবং এত কিছুর পরও কোনোভাবেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে না ফেলা।”

কাজের টানেই ১৯৯৬ সালে মুম্বাই যেতে হয়েছিল চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। বালাজি ফিল্মসের ব্যানারে কাজ করেছেন, প্রতি সপ্তাহে কলকাতা-মুম্বাই যাতায়াত করতেন।

তিনি বলেন, “ধৈর্য ধরতে হবে। প্রতিকূলতার মধ্যেও নিজের কাজের খিদেটা জিইয়ে রাখতে হবে। কষ্ট হলেও সেটাকে মানিয়ে নিয়েই কাজ করতে হবে।”

কখনও কাজের জন্য হন্যে হয়ে স্টুডিও পাড়ায় ঘোরা, কখনও ভিড়ের মধ্যে হঠাৎ বন্ধুহীন, কখনো বা নেশার সঙ্গে অন্ধকারে ডুব, কখনো ক্যামেরার ফ্ল্যাশে রাতের তারার স্বপ্ন ছোঁওয়া। সব মিলিয়ে মায়ানগরী মুম্বাইয়ের অন্ধকারে নিজেকে হারিয়ে না ফেলার লড়াই চালিয়ে যেতে হয়।