২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যুষার মৃত্যু শ্বাসরোধেই

অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর রহস্য পুরোপুরি উদঘাটিত হতে এখনও সময় লাগবে। তবে ময়নাতদন্তে মৃত্যুর কারণ উঠে এসেছে। চিকিৎসকরা বলছেন, শ্বাসরোধের ফলেই মৃত্যু হয়েছে তার। প্রত্যুষার গলায় দড়িতে ফাঁস লাগার চিহ্ণও পাওয়া গেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 01:31 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

সিদ্ধার্থ হাসপাতালে শনিবার প্রায় তিন ঘণ্টা ধরে একদল চিকিৎসক প্রত্যুষার মরদেহের ময়নাতদন্ত করেন।

ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে মৃত্যুর কারণ শ্বাসরোধ হিসেবে চিহ্নিত করা হলেও এখনও পুরো প্রতিবেদন হাতে পেতে সময় লাগবে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার ভিক্রাম দেশমানে।

মাত্র ১৮ বছর বয়সেই কালাসর্ টিভিতে প্রচারিত টিভি সিরিয়াল 'বালিকা বধূ' দিয়ে জনপ্রিয়তা পাওয়া বাঙালি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জিকে শুক্রবার তার মুম্বাইয়ের বাসভবনে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার সাবেক প্রেমিক রাহুল রাজ সিং প্রত্যুষাকে ঝুলন্ত অবস্থায় খুঁজে পান। সেখান থেকে কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। রাহুলের জবানবন্দী নিয়ে পরবর্তীতে বাঙ্গুর নগরের পুলিশ এটিকে একটি 'দুর্ঘটনাজনিত মৃত্যু’ আখ্যা দেয়।

প্রত্যুষার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে গোটা ভারতীয় বিনোদন জগত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ২৪ বছর বয়সী এই তারকার মৃত্যু।

ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয় ওশিওয়ারা শশ্মানে। শোকাহত পরিবার পরিজন ছাড়াও বন্ধু বান্ধব এবং প্রত্যুষার সহকর্মী অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন সেখানে।

এক ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর আগে বেশ অনেক দিন ধরেই বিষন্নতায় ভুগছিলেন প্রত্যুষা। নিজের ক্যারিয়ারের হাল নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। প্রেমিক রাহুলের সঙ্গেও বনছিলো না তেমন। নিজের হতাশা দমাতে মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন। তবে, তার কাছের সহকর্মীদের দাবী, বেশ দৃঢ়চেতা ছিলেন প্রত্যুষা।

ভারতীয় বিনোদন জগতে হতাশা থেকে পরিত্রাণের জন্য আত্মহত্যার পথ বেছে নেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও নাফিসা জোসেফ, কুলজিত রান্ধওয়া, জিয়া খান, শিখা খান এবং রুবি সিং এর মতো তারকারা জীবনাবসান ঘটিয়েছেন।

পুরনো খবর:

ভারতীয় টিভি অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু
কে এই প্রত্যুষা ব্যানার্জি?
প্রত্যুষার মৃত্যু: হত্যা না আত্মহত্যা?
'ভেবেছি এপ্রিল ফুল বানানো হচ্ছে'