২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভেবেছি এপ্রিল ফুল বানানো হচ্ছে'

পহেলা এপ্রিল প্রত্যুষা ব্যানার্জির মৃত্যুসংবাদটা অনেকেই বোকা বানানোর একটা চেষ্টা বলে মনে করেছেন। কিন্তু ২৪ বছর বয়সী এই অভিনেত্রীর সত্যিই চলে গেছেন আর এঁকে দিয়ে গেছেন বড় এক প্রশ্নবোধক চিহ্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দুঃখের সঙ্গে সঙ্গে বিস্ময় না প্রকাশ করে পারছেন না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 07:39 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

হিন্দুস্থান টাইমসকে প্রত্যুষার 'বিগ বস’ সহকর্মী রাতান রাজপুত বলেন, “আমি রাত নয়টায় খবরটি জানতে পারি, যখন আমি আমার অনুষ্ঠানের শুটিং-এ ব্যস্ত ছিলাম। ভেবেছিলাম, কেউ হয়তো এপ্রিল ফুল বানাচ্ছে। এরপর আমি আমাদের কাছের বন্ধু ভিকাস গুপ্তার কাছতে জানতে পারলাম, ঘটনাটি সত্য। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এটা অবিশ্বাস্য। আমি এইমাত্র কোকিলাবেন হাসপাতালে পৌঁছেছি।”

একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন অভিনেতা জয় ভানুশালিও। তিনি বলেন, “এটা খুবই দুঃখজনক। সে এতো বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলো আর আমরা কেউ জানিনা কেন। প্রথমে আমি ভেবেছিলাম, এটা অবশ্যই এপ্রিল ফুল বানানোর চেষ্টা। পরে, মিডিয়াতে আমার বন্ধু এবং কাছের মানুষদের কাছ থেকে নিশ্চিত হয়েছি।”

'বিগ বস'  সপ্তম আসরের বিজয়ী গওহর খান বিশ্বাস করতে পারছেন না প্রত্যুষার আত্মহত্যার খবর। টুইটে নিজের হতাশা প্রকাশ করে লিখেছেন, "খুবই দুঃখজনক। নিজের মূল্যবান জীবনকে এভাবে কোনো কারণ ছাড়া শেষ করে দেওয়ার কোন অর্থ নেই।"

এদিকে প্রত্যুষার এক সময়ের সহকর্মী অভিনেতা কুশাল ট্যান্ডন টুইট করেছেন, "জীবনটা কঠিন। কিন্তু এমনটা করলে কেন... এটা কোনোভাবেই নিজের জীবনকে শেষ করে দেওয়ার রাস্তা হতে পারে না। শান্তিতে ঘুমাও প্রত্যুষা, তার পরিবারের জন্য সমবেদনা"। আরেকটি টুইটে আত্মহত্যার ভয়ঙ্কর দিকগুলো উল্লেখ করে তিনি লেখেন, "আত্মহত্যা মানসিক যন্ত্রণা তাড়ায় না, এটা শুধু অন্যদের যন্ত্রনায় ফেলে দেয়। আর এই যন্ত্রনাভোগী হয় পরিবারের সদস্যরা। আত্মহত্যা স্বার্থপরের মতো কাজ"।

নির্মাতা কারান জোহার লিখেছেন, "খবরটি সত্যিই খুব দুঃখজনক। এবং এটি পরিবার-পরিজন বন্ধু বান্ধবদের জন্য একটি সতর্ক বার্তা যারা বিষন্নতাকে চিকিৎসাযোগ্য ব্যধি বলে মনে করেন না"।

মুম্বাইয়ের কান্দিভালি শহরতলির বাঙ্গুর নগর এলাকার অ্যাপার্টমেন্ট থেকে শুক্রবার রাতে প্রত্যুষাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সেখান থেকে মুম্বাই কোকিলাবেন আম্বানি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে আনুষ্ঠানিকভাবে তাকে সেখানে মৃত ঘোষনা করে ডাক্তাররা। তার মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই নির্ণয় করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।