প্রত্যুষার মৃত্যু: হত্যা না আত্মহত্যা?
১ এপ্রিল নিজ বাসভবনে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ভারতীয় টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জিকে। তরুণ এই অভিনেত্রীর হঠাৎ মৃত্যু যেমন অবাক করেছে সবাইকে, তেমনই প্রশ্ন উঠেছে—এটা কি আত্মহত্যা নাকি হত্যা?
হিন্দুস্থান টাইমস বলছে, প্রত্যুষাকে ঝুলন্ত অবস্থায় প্রথম দেখেন তার সাবেক প্রেমিক রাহুল রাজ সিং। রাহুলই প্রাত্যুষাকে নিয়ে হাসপাতালে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যুষার অনেক সহকর্মীই তিনি আত্মহত্যা করেছেন, তা মানতে নারাজ। ‘বালিকা বধূ’ অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী ডলি বিন্দ্রার মতে, মানসিকভাবে যথেষ্ট শক্ত ছিলেন প্রত্যুষা, তার পক্ষে আত্মহত্যা করা কোনোভাবেই সম্ভব নয়।
প্রত্যুষার ‘বিগ বস’ সহশিল্পী অ্যায়জাজ খান তো সরাসরিই বললেন, "আমার মনে হয় না এটি আত্মহত্যা, আমার ধারণা এটি সুপরিকল্পিত হত্যা।"
বলা বাহুল্য, এখন সন্দেহের আঙুল উঠছে প্রত্যুষার সাবেক প্রেমিক রাহুলের দিকেই, যার সঙ্গে তারকা জুটিদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো ‘পাওয়ার কাপল’-এও অংশ নেন ২৪ বছর বয়সী এই বাঙালি অভিনেত্রী।
অ্যায়জাজ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "আমার সঙ্গে প্রত্যুষার শেষবার দেখা হয় হোলির অনুষ্ঠানে। তাকে অনেক ভীত দেখাচ্ছিল। আমার সঙ্গে কথা বলার সময়ও সে শুধু রাহুলের দিকে তাকাচ্ছিল। ছেলেটা ওকে একদম পাল্টে দিয়েছিল।"
এমনও বলা হচ্ছে, প্রেমিকাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেও তেমন বিচলিত হননি রাহুল। যখন তিনি প্রত্যুষাকে নিয়ে হাসপাতালে যান, তাকে খুবই শান্ত দেখাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে প্রত্যুষাকে রেখে তার বাবা-মায়ের জন্য মুম্বাইয়ের টিকেট কাটার কথা বলে তৎক্ষণাৎ বেরিয়ে যান রাহুল।
এদিকে পুলিশও ভাবছে এই ঘটনাকে আত্মহত্যা সাজানোর চেষ্টা করা হতে পারে। কারণ ফাঁস লেগে মৃত্যু হলে সাধারণত মৃত ব্যক্তির চোখ কিংবা জিহ্বা বেরিয়ে পড়ে, কিন্তু প্রত্যুষার ক্ষেত্রে এমন কিছু দেখা যায়নি। বরং তার মুখের বাম পাশে জখমের দাগ ছিল এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
প্রত্যুষা ব্যানার্জি ২০১০ সালে ক্যারিয়ার শুরু করেন ‘বালিকা বধূ’ সিরিয়ালের মাধ্যমে। সেরা অভিনেত্রী হিসেবে তিনি পেয়েছেন একাধিক ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড। ‘বিগ বস’, ‘ঝালাক দিখলা যা’র মতো রিয়ালিটি শোতে কাজ করেছেন। ‘সাসুরাল সিমার কা’ সিরিয়ালেও নিয়মিত ছিলেন তিনি।
