২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কে এই প্রত্যুষা ব্যানার্জি?

আকস্মিক এক মৃত্যু সংবাদে স্তব্ধ পুরো ভারতীয় বিনোদন জগত। মাত্র ছয় বছরের ক্যারিয়ারের শুরুতেই পৌঁছে গিয়েছিলেন খ্যাতির চূড়ায়। ভারতীয় টিভি সিরিয়ালের পরিচিত মুখ প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার বিষয়টা তাই ধাক্কা দিয়েছে দর্শকদেরও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 01:47 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

জামশেদপুরে জন্ম নেওয়া প্রত্যুষা মাত্র ১৮ বছর বয়সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন কালার্স টিভির 'বালিকা বধূ' সিরিয়ালে অভিনয় করে। তার মতো এত কম সময়ে এতটা জনপ্রিয়তা বোধহয় ছোট পর্দার খুব কম তারকাই পেয়েছেন। দর্শকদের কাছে নিজের নাম প্রত্যুষার চেয়ে নিজের অভিনীত চরিত্র আনন্দীর নামেই বেশি পরিচিত হয়ে ওঠেন।

তিন বছর টানা এই সিরিয়ালে অভিনয় করেন প্রত্যুষা। এর মাঝে অংশ নেন রিয়ালিটি টিভি শো 'ঝালাক দিখলা যা'র পঞ্চম সিজনে। 'বিগ বস’-এর সপ্তম সিজনে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজয়ের মুকুট ছিনিয়ে না আনতে পারলেও টিকে ছিলেন ৬৩ দিন।

বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধ বিষয়ক রিয়ালিটি শো 'সাবধান ইন্ডিয়া'র একজন সঞ্চালকের ভূমিকাতেও দেখা গেছে তাকে। সবশেষ তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন 'হাম হ্যায় না' টিভি সিরিজটিতে। সেই সঙ্গে সনি এন্টারটেইনমেন্টের রিয়েলিটি শো 'পাওয়ার কাপল’-এ  রিয়ালিটি শোতে অংশ নেন তার সাবেক প্রেমিক রাহুলের সঙ্গে।

ক্যারিয়ারের সূচনাটা অসাধারণ হলেও সাম্প্রতিক সময়ে নিজের অভিনয়জীবন নিয়ে পরিতৃপ্ত ছিলেন না তিনি। এই সপ্তাহের শুরুতেই টিভি ইন্ডাস্ট্রির এক ঘণিষ্ঠ বন্ধুকে ফোন করে নিজের বিষন্নতার কথা জানান তিনি। মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন বলেও স্বীকার করেন।

প্রত্যুষার মৃত্যুতে আপাতত ‘দুর্ঘটনাজনিত মৃত্যু' বলছে পুলিশ।