০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

'বোঝেনা সে বোঝেনা'র অরণ্য সিনেমায়

একটি মাত্র সিরিয়ালই যশ দাসগুপ্তের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রশংসার পাশপাশি পাচ্ছেন ভালোবাসা এবং জনপ্রিয়তা। টিভির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাও হয়েছেন এর মাধ্যমেই। এবার বড় পর্দায় দাপট দেখানোর প্রস্তুতি নিচ্ছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 01:59 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পুরনো খবর:

'বোঝেনা সে বোঝেনা' থেকে অরণ্যর বিদায়

টাইমস অফ ইন্ডিয়াকে নির্মাতা সংগঠন শ্রী ভেঙ্কাটেশের প্রযোজক মহেন্দ্র সোনি বলেন, "‘বোঝেনা সে বোঝেনা’র নতুন সিজনের প্রচার শুরু হবে মে মাসের শেষ দিকে। আমরা চাইবো, এরপরই যশ সিনেমা জগতে পরিচিত হোক। দর্শকমহলে সে দারুণ জনপ্রিয়, এই প্রকল্পের মাধ্যমে আসলে তার ভক্তদের প্রতি সুবিচার করা হবে। পুরোমাত্রায় বাণ্যিজিক ধারার সিনেমা হবে এটি, যশের জন্য জনসংযোগের এই ভালো ব্যবস্থা। শুটিং শুরুর জন্য তাকে পর্যাপ্ত সময় দেবো আমরা।”

যশ দাসগুপ্ত স্বীকার করেছেন কথা হয়েছে, তবে বিস্তারিত জানাতে পারবেন না।

তিনি বলেন, “হ্যাঁ, নির্মাতা সংস্থার সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে। এর বেশি কিছু বলতে পারছি না। তবে বলতে পারি আমার পরবর্তী পদক্ষেপ অবশ্যই সিনেমা এবং সেটা এই বছরেই ঘটবে। আমি এর জন্য প্রস্তুতিও নিচ্ছি।"

“অভিনয়ের কর্মশালা করছি, নাচ ও মারামারি জন্য প্রশিক্ষণও নিচ্ছি। সিনেমায় অভিনয়ের প্রচুর প্রস্তাব আমি পেয়েছি, কিন্তু বলতে হয় সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছি, কারণ আমার প্রস্তুতির অভাব। এখন আমার সেই সমস্যা নেই।”

মেগা সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’র প্রচার শুরু হওয়ার পর থেকে যশের অন্য নাম হয়ে দাড়িয়েছে অরণ্য সিংহ রায়। ২০১৩ সাল থেকে একই চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে ‘আদালত’, ‘না আনা ইস দেস লাডো’, ‘বান্দিনি বাসেরা’ সিরিয়ালে দেখা গেছে বিভিন্ন চরিত্রে।

গত বছর জানা যায়, ‘বোঝেনা সে বোঝেনা’র অরণ্য সিংহ রায় চরিত্রে যশকে আর দেখা যাবে না।