০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

'বোঝেনা সে বোঝেনা' থেকে অরণ্যর বিদায়

ভারতীয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’ থেকে অন্তর্ধান ঘটতে যাচ্ছে এর কেন্দ্রীয় চরিত্র অরণ্য সিংহর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 07:48 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

পশ্চিমবঙ্গের দৈনিক এই সময়কে অরণ্য চরিত্রটিকে রূপদানকারী অভিনেতা যশ দাশগুপ্ত বলেন, “এমনিতে ‘বোঝেনা সে বোঝেনা’ আমার সন্তানের মতো। এই ধারাবাহিকের সঙ্গে আমার সম্পর্ক অটুট। তবে শুটিং করতে এসে জানলাম আপাতত আমার চরিত্র আর থাকছে না এই ধারাবাহিকে। আর চিত্রনাট্য যেভাবে এগোবে, সেটা তো মেনে নিতে হবেই!”

সুতরাং একা হয়ে যাচ্ছেন পাখি ঘোষ দস্তিদার।

সিরিয়ালে দেখা যায় অরণ্য সিংহ কলকাতার প্রতিষ্ঠিত ব্যাবসায়ী এবং প্রেম-ভালোবাসা বিষয়ে প্রথাগত ধ্যান-ধারণার বিরোধী। অরণ্যর সঙ্গে বিয়ে হয় মধুমিতা সরকার অভিনীত চরিত্র পাখি ঘোষ দস্তিদারের। পাখি মফস্বল থেকে উঠে আসা পারিবারিক মূল্যবোধসম্পন্ন এবং ঈশ্বরভক্ত এক তরুণী। পাখি বিশ্বাস করে যে কোনো সমস্যা সমাধানের অন্যতম উপায় ভালোবাসার বন্ধন। 

২০১৩ সালের নভেম্বর মাস থেকে প্রচার শুরু হয় ‘বোঝেনা সে বোঝেনা’র। স্টার প্লাসের হিন্দি সিরিয়াল ‘ইস পেয়াক কো কেয়া নাম দু’র কাহিনি অবলম্বনে ‘বোঝেনা সে বোঝেনা’ নির্মাণ করে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এ পযর্ন্ত ৫৭৬ পর্ব প্রচারিত হয়েছে সিরিয়ালটির।