২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমসই সেরা

ব্যান্ড শিল্পীদের প্লেব্যাক করার ঘটনা বাংলাদেশে প্রথম নয়। তবে প্রথমবারের মতো কোনো ব্যান্ড শিল্পী জিতে নিয়েছেন জাতীয় পুরস্কার। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় তার নাম উঠেছে সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 06:57 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার মৌসুমী মিম ফেরদৌসের
প্লেব্যাকে জেমস, ইউটিউবে হিট ‘বিধাতা’
জাহাঙ্গীরনগরে জেমস
প্যারিসে গান গাইলেন জেমস

বৃহস্পতিবার বিকালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ বিজয়ীদের নাম প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

‘দেশা দ্যা লিডার’ সিনেমার “পতাকাটা খামচাতে কখনো আসে যদি...” গানটিতে প্লেব্যাক করার জন্য শ্রেষ্ঠ গায়ক নির্বাচন করা হয় নগরবাউল ব্যান্ডের ভোকাল মাহফুজ আনাম জেমসকে।

এ বিষয়ে জেমস গ্লিটজ বলেন, “পুরস্কার পাওয়ার খবর হঠাৎ করেই পেলাম। আমি অত্যন্ত আনন্দিত, ভালো লাগছে এই ধরনের স্বীকৃতি পাওয়ার যোগ্য বিবেচিত হওয়ায়।”

এ বছরও 'সুইটহার্ট' সিনেমার জন্য গেয়েছেন 'বিধাতা' শিরোনামের একটি গান, যেটি ইতোমধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

তিন দশকের ক্যারিয়ারে জেমস অর্জন করেছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। আশির দশকের ফান্টি, স্বপন, পাবলোদের নিয়ে তার গড়ে তোলা ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে ব্যান্ড সংগীতের জগতে আত্মপ্রকাশ করেন। তার গায়কী, ব্যক্তিত্ব, সর্বোপরি তার সংগীতে মেধার কারণে সেই জনপ্রিয়তা আজও অমলিন।

১৯৯৫ সালে ‘ফিলিংস’ প্রকাশ করে তাদের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘নগরবাউল’। লোক উপাদান সমৃদ্ধ অ্যালবামটির গানগুলো এখনও পর্যন্ত শিহরণ তোলে। এরপর থেকে ‘নগর বাউল’ নামে জেমসের খ্যাতি ছড়াতে শুরু করে। একইসঙ্গে ভক্ত মহলে তিনি ‘গুরু’ হিসেবে খ্যাতি লাভ করেন।

‘ফিলিংস’ ব্যান্ড ভেঙ্গে যাওয়ার পর ‘নগর বাউল’ নামে গড়েন আরেকটি ব্যান্ড। এক সময় ডাক আসে বলিউডে গান গাওয়ার। পশ্চিমবঙ্গের আরেক ব্যান্ড শিল্পী প্রীতম চৌধুরীর পরিচালনায় প্লেব্যাক করেন ‘গ্যাংস্টার’ সিনেমায়। গানটির মাধ্যমে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌছে যান জেমস ও প্রীতম। পরবর্তীতে তারা মুম্বাইভিত্তিক ব্যান্ড গড়েন ‘মেট্রো’ নামে।

বলিউডে জেমসের গাওয়া ‘ভিগি ভিগি’, ‘আলভিদা’, ‘চাল চালে আপনে ঘর’, গানের পরপর হালের ‘বেবাসি’ গানটিও জনপ্রিয়।