জাহাঙ্গীরনগরে জেমস
দীর্ঘ বিরতির পর ওপেন এয়ার কনসার্টে গান গাইলো জেমসের ব্যান্ড নগর বাউল । রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে ‘ফিরে চাই ফিরে যাই আত্মার আমন্ত্রণে’ শীর্ষক কনসার্টে গাইলেন তিনি।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন মূল আকর্ষণ হিসেবে ছিল নগর বাউলের কনসার্ট। উৎসবের শেষ দিন জেমস ও তার দল নগর বাউল যখন মঞ্চে উঠলো তখন ঘড়ির কাঁটায় রাত সাড়ে নয়টা। প্রথমেই গাইলেন ‘কবিতা’। এরপর গাইলেন ‘লেইস ফিতা’। দর্শকের উত্তেজনা আরো বাড়িয়ে দিল ‘দুষ্টু ছেলের দল’ গানটি। এ সময় এক ভক্ত মঞ্চে উঠে জেমসকে জড়িয়েই ধরলেন।
এরপর ‘ও বিজলী চলে যেও না, ‘মা,‘ওপেনটি বায়োস্কোপ’, ‘মীরা বাঈ’ ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘পাগলা হাওয়ার তোড়ে’ গাইলেন। দশটি গানের মধ্যে সবশেষে ‘হামারি আধুরি কাহানি’ গেয়ে মঞ্চ থেকে বিদায় নিলেন জেমস। তখন সময় রাত সাড়ে দশটা।
অনুষ্ঠান শেষে হলে ফেরার সময় আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী দিদারুল ইসলাম বলছিলেন, “অনেক দিন পর এরকম একটা জমজমাট কনসার্ট দেখলাম। ভালোই লাগছে পুরো সময়টা জুড়ে।”
অর্থনীতি বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী আতিয়া ফেরদৌস চৈতী বললেন, “নগর বাউলের বাদ্য বাজনার ঝাকানাকায় আজ থেকে ৩৮ ব্যাচ ক্যাম্পাসে অতীত হয়ে গেল।”
অনুষ্ঠান শেষে রেহনুমা তাসনিম ফারিবা সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “দীর্ঘ প্রচেষ্টা এবং বন্ধুদের সহযোগিতায় অবশেষে আমরা সফলভাবে র্যাগ উৎসবটি শেষ করলাম...বিশ্ববিদ্যালয় জীবনের সর্বশেষ আনুষ্ঠানিক আয়োজনটি শেষ করে ফেললাম, এভাবে আর কখনো অনুষ্ঠান আয়োজনের সুযোগ হয়তো হবে না - এটা ভাবতেই খারাপ লাগছে।”
