পদ্মবিভূষণে সম্মানিত গিরিজা দেবী
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মবিভূষণ পেতে যাচ্ছেন বিদূষী গিরিজা দেবী। এর আগে পদ্মভুষণ ও পদ্মশ্রী পদক লাভ করেছেন তিনি।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার বলছে, এ বছর ১১২ জন পদ্ম পদক প্রাপকের তালিকায় পশ্বিমবঙ্গ রাজ্য থেকে রয়েছেন মাত্র একজন। তিনিই হলেন গিরিজা দেবী।
‘ঠুমরির রানী’ খেতাবপ্রাপ্ত বর্ষীয়ান শাস্ত্রীয় সংগীতজ্ঞ গিরিজা দেবী পদ্মভূষণ পান ১৯৮৯ সালে, পদ্মশ্রী পান ১৯৭২ সালে।
বেনারসে জন্ম গ্রহণ করা ও বেড়ে ওঠা উচ্চাঙ্গসংগীতের শিল্পী ও গুরু গিরিজা দেবী ১৯৪৯ সালে অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে প্রচারের আলোয় আসেন। বনেদী পরিবারের নারী হয়েও জনসম্মুখে গান গাইতে আসা প্রথাবিরোধী শিল্পী তিনি।
বেনারস ঘারানায় শিল্পী ঐতিহ্যবাহী পূরবী অঙ্গের ঠুমরি গায়ন চর্চা করেন। শিষ্যত্ব নিয়েছেন পণ্ডিত সারজু প্রসাদ মিশ্র, পরবর্তীতে পণ্ডিত শ্রীচন্দ মিশ্রর। তাদের কাছ থেকে তিনি শিখেছেন খেয়াল এবং সেমি ক্ল্যাসিক্যাল কাজরি, চৈতি, হোরি, টপ্পা, ভজন ইত্যাদি বিভিন্ন ধারার ভারতীয় সঙ্গীত। লোকসঙ্গীতও শিখেছেন এবং গেয়েও থাকেন।
তার গাওয়া জনপ্রিয় বন্দিশ - ‘বাবুল মোরা’, ‘রাস কে ভারে’, ‘নয়ন কি মাত মারো তালওয়ারিয়া’, ‘রাস কে ভারে তোরে ন্যায়না’।
