১৪ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৪তম আসর বসছে ১৪ জানুয়ারি থেকে। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ উৎসব চলবে ২২ তারিখ পর্যন্ত।
১৪ জানুয়ারি শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সিরীয় চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ মালাস এবং নরওয়ের চলচ্চিত্র নির্মাতা আনিয়া ব্রেইন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করবেন এবারের আসরের। বিকাল সাড়ে চারটায় রুবাইয়েত হোসেন পরিচালিত 'আন্ডার কনস্ট্রাকশন' সিনেমাটি প্রদর্শিত হবে।
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ রেট্রোস্পেকটিভ বিভাগটি এবার সাজানো হয়েছে ফরাসি নির্মাতা আগনেস ভার্দা এবং নরওয়েইজিয়ান নির্মাতা আনিয়া ব্রিয়েনের সিনেমা নিয়ে। প্রদর্শিত হবে এই দুই নারী নির্মাতার মোট ১২টি সিনেমা।
প্রতিটি বিভাগের জন্য আলাদা করে নির্বাচন করা হয়েছে একটি জুরি বোর্ড। জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিভাগে বিজয়ীর জন্য থাকবে বিশেষ সম্মাননা।
উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হবে কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘর মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, ইএমকে সেন্টার এবং আলিয়ঁস ফ্রসেজে। ১৫ তারিখ থেকে প্রতিদিনই উৎসব চলবে সকাল সাড়ে দশটা থেকে।
