২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হয়রানি ঠেকাতে ঘেরাটোপে মোনালি 

পশ্চিমবঙ্গের ফালাকাটায় হালেই এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হয়রানির শিকার হন টালিগঞ্জের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সে ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুরো মাত্রায় সতর্ক পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনি। ডুয়ার্সে এক উৎসবে অংশ নিতে যাওয়া মোনালি ঠাকুরকে সাজঘরেও এগিয়ে দিলেন আলিপুরদুয়ারা জেলা পুলিশ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 02:32 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

পুরনো খবর:

হয়রানির শিকার শুভশ্রী
শুভশ্রীর পাশে টালিগঞ্জের পাঁচ কন্যা

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার জানায়, মঙ্গলবার ডুয়ার্স উৎসবে কড়া হাতে মাঠে নেমেছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। নারী শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করতে সাজঘরে নজরদারি চালান খোদ জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্র নাথ। শাসক দলের নেতা কর্মী এবং ডুয়ার্স উৎসবের কর্তা ব্যক্তিদেরও সাজঘরে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল পুলিশের। মাঠে প্রায় ৩০০ পুলিশ কর্মী ছাড়াও ছিল প্রায় ৩০০ স্বেচ্ছাসেবী। মোনালির জন্য আলাদা করে ছিলেন ৪০ জন নারী পুলিশ ও স্বেচ্ছাসেবী।

মোনালি মঞ্চে ওঠার পর পুলিশ সুপার নিজেই বসে থাকলেন সাজঘর আগলে। জানালেন, “আয়োজকদেরও কাউকে ঢুকতে দিইনি।”

কড়াকড়ির জেরে বাগডোগরায় শিল্পীকে আনতে যাওয়ারও ছাড় মেলেনি উদ্যোক্তাদের।  পুলিশই গিয়ে তাকে নিয়ে আসে।

মোনালিকে অবশ্য শুভশ্রীর ঘটনা নিয়ে প্রশ্ন করলে কাঁধ ঝাঁকিয়ে তিনি জানিয়ে দেন, বিষয়টাই জানা নেই তার।

অনুষ্ঠান শেষে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “ফালাকাটার ঘটনার পর পুলিশ কর্তাদের আমিই বলেছিলাম কড়া হতে। এ ছাড়া উপায় ছিল না।”

শনিবার ফালাকাটা কলেজের বার্ষিক অনুষ্ঠানে এসে হেনস্থার অভিযোগ তুলে মঞ্চেই ক্ষোভ জানান অভিনেত্রী শুভশ্রী। তাই বাতিল হয়ে গিয়েছিল শাসক দলের ছাত্র সংগঠনের দখলে থাকা ছাত্র সংসদ পরিচালিত অনুষ্ঠান। ঘটনার পর রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে।

ডুয়ার্স উৎসবের আয়োজনের পুরোভাগে রয়েছেন তৃণমূল জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী ও তার অনুগামীরা। একান্তে তারা বলছেন, “ফালাকাটার ঘটনায় দলের যা মুখ পুড়েছে, কড়া হওয়া ছাড়া আমাদের উপায় ছিল না।”