নায়িকার বয়স যখন বেশি
নিজের চেয়ে ২০ বছরের বেশি ছোট নায়িকার সঙ্গে পর্দায় বলিউডের নায়কদের প্রেম করার দৃশ্য হর হামেশাই দেখা যায়। কিন্তু এখন বদলাতে শুরু করেছে দৃশ্যপট। কম বয়সী নায়কদের বিপরীতে স্বচ্ছন্দ্যে অভিনয় করছেন বয়োজ্যষ্ঠ অভিনেত্রীরা
প্রিয়াঙ্কা চোপড়া - রানভির সিং
পর্দার এই জুটি ইতোমধ্যেই এক সঙ্গে অভিনয় করেছেন তিনটি সিনেমায়। ৩৩ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়া ৩০ বছর বয়সী রানভির সিং এর সাথে প্রথম জুটি বাঁধেন ২০১৪ সালে, ‘গুন্ডে’ সিনেমাতে। একই বছর মুক্তি পায় তাদের দ্বিতীয় সিনেমা ‘দিল ধাড়াকনে দো', সেখানে ভাই-বোনের চরিত্রে অভিনয় করেন তারা। তবে সঞ্জয় লিলা বানসালির পরবর্তী সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে রানভিরের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে।
ক্যাটরিনা কাইফ – আদিত্য রয় কাপুর
নির্মাতা অভিষেক কাপুরের পরবর্তী সিনেমা 'ফিতুর'-এ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আদিত্য রয় কাপুর এবং ক্যাটরিনা কাইফ। আদিত্যর চেয়ে তিন বছরের বড় ৩২ বছর বয়সী ক্যাটরিনাকে অবশ্য কিছুটা বেগ পেতে হয়েছে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে।
কারিনা কাপুর খান – অর্জুন কাপুর
এক সময় নিজের চেয়ে বেশ বড় অভিনেতাদের সঙ্গেই দেখা গেছে কারিনা কাপুর খানকে। সময় বদলে যাওয়ায় ৩৫ বছর বয়সী কারিনাই অভিনয় করছেন তার চেয়ে পাঁচ বছরের ছোট অর্জুন কাপুরের বিপরীতে। কারিনার সঙ্গে পর্দা ভাগ করে নেয়ার ব্যাপারে যারপনাই উচ্ছ্বসিত অর্জুন। তিনি বলেন, “আমি কারিনার সঙ্গে কাজ করতে পেরে খুবই আনন্দিত। গণমাধ্যম বলেই যাচ্ছে তিনি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয়। আমরা একে অপরকে বহুদিন ধরেই চিনি।” এই দুই তারকা কে দেখা যাবে আর বাল্কির পরবর্তী সিনেমা ‘কি অ্যান্ড কা’তে।
ঐশ্বরিয়া রাই বচ্চন – ফাওয়াদ খান
বলিউডে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন ঘটেছে সম্প্রতি। আর ফিরেই যোগ দিয়েছেন পরিচালক কারান জোহারের নতুন সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর কাজে। ৪২ বছর বয়সী ঐশ্বরিয়ার নায়ক ফাওয়াদ খান তার চেয়ে নয় বছরের ছোট। প্রথমবারের মতো জুটি বাঁধা এই তারকারা সিনেমাটির শুটিং করছেন লন্ডনে।
