২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি দুর্ঘটনায় ‘জলনূপুর’ অভিনেতা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন ভারতীয় বাংলা ধারাবাহিক ‘জলনূপুর’ খ্যাত অভিনেতা পীযুষ গঙ্গোপাধ্যায়। হাওড়ার রেইলওভার ব্রিজে তার প্রাইভেট কারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তার গাড়িতে আরোহী ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 03:26 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

পুলিশের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার বলছে, মঙ্গলবার বিকালে হাওড়া জেলার সাঁতরাগাছি সেতুতে মেদিনীপুরগামী একটি লরির সঙ্গে পীযূষের গাড়ির সংঘর্ষ হয়। গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। গাড়িটি পীযূষ নিজেই চালাচ্ছিলেন । তিনি ও মালবিকা দুজনই প্রচণ্ড আঘাত পান। স্থানীয় লোকজন তাদের গাড়ি থেকে বের করেন। দুজনকেই প্রথমে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পীযূষের অবস্থার অবনতি হতে থাকায় রাতেই তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসাপাতাল সূত্রে জানা যায়, পীযূষের মাথা, পাঁজর ও বুকে আঘাত লেগেছে। মাথার আঘাত গুরুতর নয়, তবে পাঁজরে প্রচণ্ড আঘাত লেগেছে। এমআরআই হয়েছে এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও চলছে।

মালবিকা সেনের মুখ ও পায়ে আঘাত লেগেছে, আঘাত গুরুতর নয়।

আহত দুই শিল্পীকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী অরূপ রায় এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।