রকনেশন ৬: রক উন্মাদনার পুনরুত্থান
অনেক প্রতীক্ষার মেঘ সরে গিয়ে অবশেষে শুক্রবার বসেছিল লাইভ স্কয়ারের কনসার্ট সিরিজ রকনেশনের ষষ্ঠ আসর। আসরের রিসারেকশন অর্থাৎ পুনরুত্থান নামের সার্থকতা প্রমাণ করলো নব্বইয়ের দশকের শেষ দিকে জন্ম নেওয়া ব্যান্ডগুলো।
বসুন্ধরা কনভেনশন সেন্টারের গুলনকশা হল ১-এ আয়োজিত কনসার্টে অংশ নেয় ভাইকিংস, অর্থহীন, আর্টসেল, নেমেসিস, আরবোভাইরাস, পাওয়ারসার্জ, মির্নাভা, ওউন্ড।
এক বছর পর ফিরলো রকনেশন সিরিজ। কনসার্টে শ্রোতাদের উপস্থিতি ছিল জোয়ারের মতোই। বড় পরিসরে কনসার্ট আজকাল আর হয়না - এই আক্ষেপ ঘোঁচাতেই লাইভ স্কয়ার এগিয়ে এসেছিল। ২০১১ সালে যাত্রা করে এলাকাভিত্তিক ছোট ছোট কনসার্টের সিরিজ রকসিটি দিয়ে শুরুটা হয়। এরপর ২০১৩ সালের এপ্রিলে আয়োজিত হয় রকনেশন সিরিজের প্রথম কনসার্ট। এরপর কনসার্ট হয়েছে আরও পাঁচটি। সবশেষটি ছিল ২০১৪ সালের ১২ অগাস্ট অনুষ্ঠিত ‘দ্য রেভুলুশন অফ রক’।
নতুন কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণাটি আসে ২৪ অগাস্ট ফেইসবুক ইভেন্ট তৈরির মাধ্যমে। বলা হয়, রকনেশন সিরিজের ষষ্ঠ কনসার্ট আসছে ‘রিসারেকশন’ শিরোনামে, জানিয়ে দেয়া হয় স্থান, কাল এবং অংশ গ্রহণ করবে যে ব্যান্ডগুলো তাদের নাম।
অর্থহীন ছিলো কনসার্টের একদম শেষ ব্যান্ড, এই অর্থে তারা ছিল হেডলাইনার। আবার সেদিন পারফর্ম করা সবচেয়ে সিনিয়র ব্যান্ডটি কিন্তু অর্থহীনই, সুমনের অভিজ্ঞতা বিবেচনা করলে।
বেইজের তারে আঙুল বুলিয়ে আগুন ঝড়া সন্ধ্যা উপহার দিয়েছেন সুমন।
‘রকনেশন: রিসারেকশন’ কনসার্টে অর্থহীনের নাম ঘোষণা হতেই হলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাইদুস খালেদ সুমন, যিনি ভক্ত মহলে ‘বেইজবাবা’ বলেই পরিচিতি, এদিন ছিলেন ভীষণ স্বতঃস্ফূর্ত। অর্থহীন শোনায় ‘চাইতে পারো ১’, ‘সূর্য’, ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘গুটি দ্য ফিনালে’ গানগুলো। আর সুমন পরিবেশন করেন প্রায় সাত মিনিটের এক অন্যন্য বেইজ সলো। সবশেষ পরিবেশনা ছিল 'চাইতে পারো ২'।
সবার আগে মঞ্চে উঠেছে ওউন্ড। ‘ভাবান্তর’ ও ‘বিয়োগ’সহ তারা চারটি গান পরিবেশন করে। গান শেষে যখন ভোকালিস্ট এ কে রাতুল জানান, তাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে গান ডাউনলোড করা যায়। তারপরও তারা কিছু সিডি নিয়ে এসেছে সবার মধ্যে বিলিয়ে দিতে। সিডিগুলো তারা একে একে ছুঁড়েও দেয়।
পরবর্তী ব্যান্ড মিনার্ভার পরিবেশনায় চমক হলো ব্যান্ড ইতিহাসের বিখ্যাত ব্যান্ড ও বিখ্যাত গানগুলোর স্থায়ী ও প্রথম অন্তরা নিয়ে সাজানো উৎসর্গমালা। গানের এই মালার মুক্তো হয়েছে আজম খান থেকে শুরু করে হালের ক্রিপটিক ফেইট, আর্টসেল পর্যন্ত। ব্যান্ডটির অন্য পরিবেশনা ছিল নিজেদের গান ‘আর্শীবাদ’।
এরপর মঞ্চে আবির্ভাব হয় পাওয়ারসার্জের। মঞ্চে উঠেই ভোকালিস্ট জামশেদ চৌধুরী বললেন, “প্রথমেই শোনাবো নতুন ইংরেজি গান, ‘টেরর স্ক্রিম’।” পরে তারা আরও শোনালেন ‘জ্যাকেল ইন হাইড’, ‘অপ্রস্তুত যুদ্ধ’ গানগুলো। তাদের প্রতিটি গানেই কণ্ঠ মিলিয়ে গাইলো সবাই।
‘রকনেশন: রিসারেকশন’ কনসার্টে পাওয়ারসার্জের ভোকালিস্ট জামশেদ চৌধুরী।
‘রকনেশন: রিসারেকশন’ কনসার্টের মঞ্চে পাওয়ারসার্জ ব্যান্ডের গিটারিস্ট নাহিয়ান গিটার বাজাচ্ছেন মাথার ওপরে তুলে।
এরই ফাঁকে এদিক-ওদিকে ঢুঁ মারতেই দেখা মিললো বাংলা ব্যান্ড ধারার পথিকৃত ব্যাক্তিত্ব মাকসুদুল হকের। হাতের মোবাইল ফোন দিয়ে ছবি তোলার চেষ্টা করছেন। একটু পরেই মঞ্চে উঠবে ব্যান্ড ‘নেমেসিস’, যার ড্রামার তার ছেলে ডিও হক।
বাবার মতোই ছেলেও ব্যান্ড অঙ্গনের অপরিহার্য ব্যাক্তিত্ব হয়ে উঠেছেন। এর মধ্যেই তিনি বেশ কয়েকটি ব্যান্ডে বাজিয়েছেন। সবশেষে যোগ দিয়েছেন ইনদালোতে।
এভাবে মঞ্চ দাপিয়ে কনসার্ট মাতান যোয়াদ রেজা চৌধুরী ও তার ব্যান্ড নেমেসিস।
‘রকনেশন: রিসারেকশন’ কনসার্টের মঞ্চে নেমেসিসের দুই সদস্য যোয়াদ ও জারিফ আহমেদ।
গুঞ্জন শোনা যাচ্ছিল নেমেসিসের নতুন অ্যালবাম আসছে। সেটি যে সত্যি তার উদাহরণ ‘কে জানে কে বোঝে’ গানটি। পরিবেশনার শুরুতেই যোয়াদ বলেন, আজকে তারা নতুন গান শোনাবেন। তাদের গানে, ছন্দ আর অর্থবহুল কথার গাঁথুনি আর সময় মেপে যোয়াদের কণ্ঠের ঝাঁকুনি, রক ভক্তদের উদ্বেলিত করবেই। এমনকি তাদের লঘু গ্রামের গানগুলোতেও একই অভিব্যক্তি পাওয়া যায় শ্রোতাদের মধ্যে। নতুন গানটিতেও সেই স্বাদ অক্ষুন্ন আছে।
কথা ছিল কনসার্টে ক্রিপটিক ফেইটও অংশ নেবে। ব্যাক্তিগত সমস্যায় এই কনসার্ট থেকে নিজেদের সরিয়ে নেয়ার কথা এক ভিডিও বার্তায় জানান ব্যান্ডটির ভোকালিস্ট শাকিব চৌধুরী।
রাইফ আল হাসান রাফার ব্যান্ড অ্যাভোয়েডরাফা মঞ্চে ওঠে নেমেসিসের পর। সিস্টেম অফ ডাউনের ‘টক্সিসিটি', একটি র্যাপ এবং প্রত্যাশিত গান ‘চলো আরেকবার উড়ি’ শেষে লালন সাইয়ের ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’ শোনালেন একেবারেই নিজের মতো করে। ক্রিপটিক ফেইটের শূন্যস্থানে চমক হিসেবে আর্বিভূত হয় অ্যাভোয়েডরাফা।
সবে বিশ্ববিদ্যালয়ে পা রাখা অন্তর মতুর্জার কাছে এটি ছিল বহুল আকাঙ্ক্ষিত কনসার্ট। তিনি বলেন, “এক বছর পরে আবার রকনেশন ফিরে আসছে, এটা তো মিস করা যায় না। আর সময়ও পেলাম তাই আসতে বাধ্য হলাম।”
লাইভ স্কয়ারের কনসার্ট সিরিজের ষষ্ঠ আসর ‘রকনেশন ৬: রিসারেকশন’ বসেছিল ১৮ সেপ্টেম্বর, বসুন্ধরা কনভেনশন সেন্টারের গুলনকশা-১ হলে।
কিন্তু এই কনসার্টই বন্ধ হওয়ার অবস্থা হয়েছিল এক পর্যায়ে। বারবার ঘোষণা দিয়েও কনসার্ট বাতিল করতে হচ্ছিল, ভ্যেনু সংকট, স্পন্সর সমস্যা, সংবাদ মাধ্যমের নেতিবাচক খবর ইত্যাদি কারণে।
পাওয়ারসার্জ থেকে ওয়ারফেজের গিটারিস্ট হয়ে ওঠা সামির হাফিজকে দেখা গেলো তার পুরনো ব্যান্ডের পাশাপাশি অ্যাভোয়েডরাফাকেও সঙ্গ দিতে। তার হাতের গিটার কিন্তু সংগীতের প্রতি ‘অবাক ভালোবাসা’রই নির্দশন হয়ে ওঠে তাই।
‘রকনেশন: রিসারেকশন’ কনসার্টে ইনদালোর জন কবীর।
‘রকনেশন: রিসারেকশন’ কনসার্টে মঞ্চে আর্টসেলের ভোকালিস্ট লিঙ্কন।
শেষবার ‘জয় বাংলা’ কনসার্টে দেখা লম্বা ও কোকড়া চুলের আরবোভাইরাস ভোকাল সুফি ম্যাভেরিক ছোট চুলে আবির্ভূত হলেন সদলবলে। হালের কনসার্ট ক্রেজ ব্যান্ডটির নাম ঘোষণা হতেই তুমুল প্রতিক্রিয়া এলো। মঞ্চে উঠে তারা প্রথমে শোনালেন ‘আর্তনাদ’। পরে ‘আঁধার ও ঈশ্বর’, ‘অমানুষ’, ‘হারিয়ে যাও’, ‘জ্বালো আগুন জ্বালো’।
‘রকনেশন: রিসারেকশন’ কনসার্টে আরবোভাইরাসের পরিবেশনার একটি মুহূর্ত। কনসার্টে এরকম আরও কয়েকটি অন্যন্য মুহূর্তের জন্ম দিয়েছে ব্যান্ডটি।
‘রকনেশন: রিসারেকশন’ কনসার্টের মঞ্চে আরবোভাইরাস এবার গিটার ভাঙেনি তবে ছুঁড়ে দেওয়া গিটারটি ভেঙেছেন ভক্তরা।
‘জ্বালো আগুন জ্বালো' গানটিতে এবার শ্রোতাদের আরও বেশি ঘনিষ্ঠ করার প্রয়াস নিয়েছে তারা। গানটি গাইতে গাইতে মঞ্চ থেকে নেমে মাইক্রোফোন হাতে হেঁটে হলের ঠিক মাঝ বরাবর গিয়ে গানের একটা অংশ শোনালেন। এ সময় তাকে সঙ্গ দিয়েছেন গিটারিস্ট আসিফ আজগর রঞ্জন ও অবশ্যই নাফিস।
এর নাম ‘নাফিস সার্ফিং’, ‘রকনেশন: রিসারেকশন’ কনসার্টে এ দৃশ্য বারবার দেখা গেছে।
‘রকনেশন: রিসারেকশন’ কনসার্টে আর্টসেলের পরিবেশনা। বড় কনসার্ট না হলে আজকাল দেখাই মেলে না তাদের।
প্রগ্রেসিভ ঘরানার প্রতিষ্ঠিত এবং স্বকীয় ব্যান্ড হচ্ছে আর্টসেল। তাদের পরিবেশনার ধার এখনও আগের মতোই। ‘অন্য সময়’, ‘কান্ডারি হুশিয়ার’, ‘চিলেকোঠার সেপাই’ গান তিনটি ছিল তাদের পুরনো রূপের চিহ্ণবাহক। ‘লীন’, ‘স্মৃতিস্মারক’, ‘উৎসবের উৎসাহে’ গানগুলোতে আবেগ ফুটিয়ে তুলতে গিয়ে বোধহয় লিঙ্কন তার কণ্ঠের সমর্থন পাচ্ছিলেন না।
‘বহু দেরীতে দেখা হলো বন্ধু’ গানটি গেয়ে হারিয়ে গিয়ে আবার ফিরে আসার ‘অপেক্ষা’র গল্প শোনালো যে ব্যান্ডটি তার নাম ভাইকিংস। তাদের কার্যক্রম বন্ধ ছিল টানা এগারো বছর। এর মধ্যে নেই কোনো গান, নেই কনসার্ট। হঠাৎ ধূমকেতুর মতোই একে একে পুরনো গানের সঙ্গে নতুন গানগুলো শুনিয়েছে তারা।
‘রকনেশন: রিসারেকশন’ কনসার্টে ভাইকিংসের ভোকালিস্ট তন্ময়।
টানা পরিবেশনার এক ফাঁকে তন্ময় বললেন, “আজকের ব্যান্ড অর্থহীন, আর্টসেল, নেমেসিস, আরবোভাইরাস, পাওয়ারসার্জদের ধন্যবাদ। এগার বছর ছিলাম না কিন্তু তারাই এ মঞ্চটা ধরে রেখেছে। শ্রোতাদের মাতিয়ে রেখেছে আমাদের অনুপস্থিতিতেও।”
লাইভ স্কয়ারের কনসার্ট ‘রকনেশন ৬: রিসারেকশন’ অনুষ্টিত হয় ১৮ সেপ্টেম্বর, বসুন্ধরা কনভেনশন সেন্টারের গুলনকশা হলে। অংশ নেয় নয়টি ব্যান্ড।
প্রায় সব দিক থেকে নিখুঁত কনসার্ট আয়োজনের সাফল্যের দাবিদার লাইভ স্কয়ারকে অবশ্যই এদিকে আরো মনোযোগ দেওয়া উচিৎ।
প্রচলিত ও প্রথাগত আধুনিক বাংলা গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, মার্গসংগীত, উচ্চাঙ্গসংগীতের বিভিন্ন ধারার আগল থেকে ছুটিয়ে নিয়ে শ্রোতাদের পাশ্চাত্য ধারার সংগীতে আবিষ্ট করে রাখায় ভূমিকা আছে বাংলা ব্যান্ডগুলোর। যদিও পাইরেসির কবলে পড়ে রেকর্ড বিক্রি হয় না, খোলা আকাশের নীচে নিয়মিত কনসার্টের সুযোগ নেই, যান্ত্রিক সহায়তার অপ্রতুলতা ইত্যাদি নানা সমস্যাও আছে। যে কোনো সমস্যাকে অনায়াসে ডিঙ্গিয়ে যাওয়া তরুণ প্রজন্মের স্বভাব, সেই স্বভাবের জোরেই বাংলাদেশের নবীন ব্যান্ডদলগুলো এসব সমস্যাকে পেছনে ফেলে এগিয়ে যাবে।
লেখাটি তৈরিতে সহায়তা করেছেন শরীফুল হক আনন্দ।
ছবি তুলেছেন আব্দুল মান্নান দীপ্ত।
