সাতাশেই জীবনের ইতি টেনেছেন যে শিল্পীরা
২৭ সংখ্যাটি সংগীত জগতে যেন অশুভের বার্তাবাহী। কিংবদন্তী বহু সংগীতশিল্পীরই জীবনাবসান ঘটেছে ২৭ বছর বয়সে।
ব্রায়ান জোন্স
ব্রিটিশ সংগীতপ্রেমীরা অভিনব ধাঁচের এক সংগীতের সঙ্গে পরিচিত হন ১৯৬২ সালে, দ্য রোলিং স্টোনসরে ফ্রন্টম্যান ব্রায়ান জোন্সের হাত ধরে। মূলত গিটারিস্ট হলেও রোলিং স্টোনসরে নান্দনিকতার মূলে ছিলেন তিনিই। সিতার, হারমোনিকা, মারিম্বার মত স্বল্প ব্যবহৃত বাদ্যযন্ত্রেও ছিলেন সমান পারদর্শী। তবে, ব্যান্ডের সাফল্যের সঙ্গে বাড়তে থাকে মাদকের সঙ্গে জোনসের সখ্যতা। মাদকের প্রভাবেই প্রতিভাবান এই গিটারিস্ট আস্তে আস্তে হারিয়ে যেতে থাকেন। ভোকাল মিক জ্যাগার এবং গিটারিস্ট কিথ রিচার্ডসের ছায়ায় তাকে আর খুঁজে পাওয়া যেত না।
২৭ বছর বয়সে মৃত্যুর এক মাস আগে ব্যান্ড ছেড়ে চলে যান তিনি। ১৯৬৯ সালের ৩ জুলাই তার মৃতদেহ পাওয়া যায় বাড়ির সুইমিংপুলে। মদ আর মাদকের সহায়তায় সাঁতরে যেন মৃত্যুর সাগর পাড়ি দিতে চেয়েছিলেন তিনি।
অ্যালান উইলসন
সাফল্যের সুবাসটা তখন কেবলই পেতে শুরু করছিল মার্কিন ব্লুজ রক ব্যান্ড ‘ক্যান্ড হিট’। তবে, যে ব্যক্তি গড়ে তুলেছিলেন ব্যান্ডটিকে, তিনিই সে সময় ভুগছিলেন বিষণ্নতায়। ২৭ বছর বয়সে এসে অ্যালান উইলসন মুখোমুখি হন পারিবারিক বিভিন্ন সমস্যার। ব্যান্ডের ভোকাল বব হাইটের বাসায় এসে যখন তখন ঘুমিয়ে পড়াটা এক রকম অভ্যেসে পরিণত হয়েছিল উইলসনের। ১৯৭০ সালে সেপ্টেম্বরের ৩ তারিখে তার মৃতদেহ পাওয়া যায় হাইটের বাগানে। দু হাত বুকে ভাঁজ করে রাখা নিথর দেহের পাশে পাওয়া গিয়েছিল সেকোন্যালের খালি বোতল। মৃত্যুর কারণ হিসেবে মেডিকেল রিপোর্টেও এসেছিল অতিরিক্ত বারবিচুরেইটস সেবন। তবে, ব্যান্ডটির ড্রামার ফিটো ডে লা পারা বিশ্বাস করেন, বিষণ্নতায় মোড়া জীবনটার সমাপ্তি টানার জন্য আত্মহত্যার পথই বেছে নিয়েছিলেন উইলসন।
রবার্ট জনসন
মার্কিন ব্লুজ সংগীতশিল্পী রবার্ট জনসনকে দিয়ে ত্রিশের দশকের মার্কিন মহা মন্দার সময় রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াতেন। মৃত্যুর পরই সাফল্য পান তিনি। তাকে নিয়ে যে কাহিনি এখনও প্রচলিত সেটি হল, জনসন সংগীতে সাফল্যের জন্য তার আত্মা বেঁচে দিয়ে চুক্তি করেছিলেন শয়তানের সঙ্গে। সে সময়ের অন্যতম সেরা এই গিটারিস্ট ১৯৩৮ সালে বিষাক্ত হুইস্কি সেবন করার কারণে মারা যান। ধারণা করা হয়, যে তরুণীকে তিনি পছন্দ করেছিলেন, তার স্বামী ঈর্ষান্বিত হয়ে বিষ মিশিয়েছিলেন জনসনের হুইস্কিতে।
জিমি হেনড্রিক্স
রক কিংবদন্তীদের তালিকায় একদম শীর্ষেই থাকবেন মার্কিন গিটারিস্ট জিমি হেনড্রিক্স। মাত্র চার বছরের সংগীত ক্যারিয়ারে অর্জন করেছিলেন প্রায় সবকিছুই। ইতিহাসে সর্বকালের সেরা গিটারিস্ট হিসেবে এখনও স্বীকৃতি দেয়া হয় হেনড্রিক্সকে। কিন্তু এত সাফল্য ধরে রাখতে পারেন নি তিনি, শেষমেশ মাদকের কাছেই হার মানতে হয় এবং সেটাও ২৭ বছর বয়সেই। ক্যারিয়ারের পুরোটা সময় মাদকাসক্ত ছিলেন তিনি। ১৯৭০ এর ১৮ সেপ্টেম্বর লন্ডনে নিজ ফ্ল্যাটে মদ্যপ অবস্থাতেই অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ সেবন করেন তিনি। ট্যাবলেটগুলো এতই শক্তিশালী ছিল যে, অর্ধেকটাই একজন পূর্ণবয়স্ক মানুষকে আট ঘণ্টার জন্য ঘুম পাড়িয়ে দিতে সক্ষম। শেষ পর্যন্ত সেই ট্যাবলেটের অর্ধেকটাই জীবনাবসান ঘটায় কিংবদন্তী এই গিটারিস্টের।
জ্যানিস জপলিন
হেনড্রিক্সের মৃত্যুর ঠিক ষোল দিন পরেই আরও একটি করুণ মৃত্যু। ‘কুইন অফ সাইকাডেলিক সোল’ বলা হতো যাকে, সেই জ্যানিস জপলিনের মৃত্যুর কারণটাও প্রায় একই, অতিরিক্ত মাদক সেবন। একাধারে সংগীতশিল্পী, চিত্রকর, নৃত্যশিল্পী জপলিন ছিলেন দারুণ প্রতিভাধর। সাইকাডেলিক অ্যাসিড রক ব্যান্ড ‘বিগ ব্রাদার অ্যান্ড দ্য হলিডে কোম্পানি’ দিয়ে অর্জন করেছিলেন দারুণ সাফল্য। পরবর্তীতে একক সংগীতশিল্পী হিসেবেও মন জয় করেছেন ভক্তদের। বিষণ্নতার যে বীজ তার মধ্যেও ছিল, তার প্রভাব কাটাতে আসক্ত হয়ে পড়েন হেরোইনে। ১৯৭০ সালে ৪ অক্টোবর রেকর্ডিং সেশন থেকে বাড়ি ফিরে সেবন করেন অ্যালকোহল মেশানো হেরোইন। এর কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করেন ২৭ বছর বয়সী জপলিন।
জিম মরিসন
২৭ বছর বয়সে মৃত্যুর ধারণাটিকে একেবারে নির্মোহ সত্য বানিয়ে ফেলেছিলেন কিংবদন্তী রক সংগীতশিল্পী জিম মরিসন। ‘ক্লাব টোয়েন্টিসেভেন’ কে একরকমের কাল্টে পরিণত করেছিলেন ‘দ্য ডোরস’ ব্যান্ডের ভোকাল মরিসন। ধারণা করা হতো, যে মানুষগুলোকে সংগীতপ্রেমীরা পাগলের মতো ভালবাসতেন, তাদের সমাপ্তি হবে সাতাশ বছর বয়সেই। শেষ দিকে তার লেখা গানগুলোতে বেশ ভালভাবে ফুটে উঠতো আত্মঘাতী এক মানসিকতা। এমনকি, তার মৃত্যুর বেশ কিছু দিন আগে মাদকের কারণেই মৃত্যু ঘটে তার প্রেমিকা পামেলা কোরসনের। মরিসনের মৃত্যু নিয়ে রয়েছে নানা বিতর্ক। অতিরিক্ত কোকেইন সেবনে বাথটাবে মৃত্যুর কারণ চিহ্নিত করা হলেও ধারণা করা হয়, ভুলবশত প্রয়াত প্রেমিকার হেরোইন সেবন করার কারণেই ১৯৭১ সালে ৩ জুলাই মারা যান মরিসন।
পিটার হ্যাম
সবকিছু ভালই চলছিল। ‘ব্যাডফিঙ্গার’ তখন সাফল্যের একদম শীর্ষে। কিন্তু হঠাৎ সব হারিয়ে বসা। রেকর্ডিং স্টুডিও ‘ওয়ার্নার ব্রাদার্সের’ -এর সঙ্গে নানাবিধ ঝামেলা, ব্যান্ড ম্যানেজারের সঙ্গে বিতর্ক; একই সঙ্গে মাসখানেক কপর্দকহীন অবস্থায় দিন যাপন- গিটারিস্ট পিটার হ্যামের কাছে আত্মহত্যা ছাড়া আর কোন রাস্তা খোলা ছিলনা। সব কিছুর উপর বীতশ্রদ্ধ হয়ে পাবে বসে ব্যান্ডমেইট টম ইভান্সের সঙ্গে হুইস্কি গেলেন হ্যাম, তার মৃত্যুর ঠিক আগে। যাবার আগে বলে যান, “আমায় নিয়ে চিন্তা করো না, আমি এর সমাধান জানি।” নিজের ২৮ তম জন্মদিনের তিনদিন আগে গ্যারেজে পাওয়া যায় তার সিলিং এ ঝুলন্ত লাশ। রেখে গিয়েছিলেন একটি সুইসাইড নোট, যাতে লেখা ছিল- “মৃত্যুর পর আমাকে আর কাউকে ভালবাসতে কিংবা বিশ্বাস করতে হবে না। এটাই দারুণ।” ব্যাপারটি আরও করুণ পরিণতি পায়, যখন টম ইভান্সের লাশও পাওয়া যায় ঠিক একই অবস্থায়, হ্যামের মৃত্যুর ঠিক সাত বছর পর।
কার্ট কোবেইন
অ্যাবারডিনে বেড়ে ওঠা চঞ্চল এক কিশোর, যে কি না তরুণ হয়ে পাল্টে দেয় পুরো সিয়াটল শহরের চেহারা। গ্রাঞ্জ মিউজিককে এক ধরনের বিপ্লব হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন ‘নির্ভানা’র ভোকাল ও গিটারিস্ট কার্ট কোবেইন।
এক সময় রক সংগীতের দুনিয়ায় ঈশ্বরতুল্য হয়ে ওঠেন তিনি আর এভাবেই অন্যদের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। অগোছালো ছেলেবেলা, তরুণ বয়সে নিজেকে খুঁজে পাওয়ার সংগ্রাম, পরবর্তীতে পারিবারিক সমস্যা, আইনি গণ্ডগোল- সব মিলিয়ে শেষদিকে কোবেইন ছিলেন একদম একা।
আত্মহত্যার চেষ্টা তিনি করেছেন অনেকবার, শেষমেষ সফল হন ১৯৯৪ সালে এপ্রিলের ৮ তারিখে। শটগানের গুলিতে উড়িয়ে দেন নিজের খুলি, আর জন্ম দিয়ে যান হাজারো বিতর্কের। ‘ঝরে পড়ে যাওয়ার চেয়ে নিজেকে পুড়িয়ে ফেলাটাই উত্তম’- কোবেইনের রেখে যাওয়া সুইসাইড নোটের লেখাগুলো এখনও তাড়া করে বেড়ায় তার ভক্তদের।
ক্রিস্টেন ফ্যাফ
‘হোল’ ব্যান্ডের বেইজিস্ট ক্রিস্টেন ফ্যাফ এদিক দিয়ে একেবারেই ভিন্ন। ব্যান্ডের ভোকাল এবং গিটারিস্ট কোর্টনি লাভ ছিলেন কার্ট কোবেইনের স্ত্রী, সে দিক থেকে ফ্যাফ ছিলেন তাদের পারিবারিক বন্ধু। উপস্থিত ছিলেন কোবেইনকে সমাহিত করবার অনুষ্ঠানেও। কোবেইনের মৃত্যুর ঠিক দুমাস পরেই ফ্যাফকে খুঁজে পাওয়া যায় মৃত অবস্থায়। এবং তার মৃত্যুর ধরণটাও মিলে যায় জিম মরিসনের সাথে, কেননা ফ্যাফকে পাওয়া গিয়েছিল তার বাথটাবে অতিরিক্ত কোকেইন সেবন করা অবস্থায়।
এমি ওয়াইনহাউজ
নিজের পরিচিত মানুষগুলোর সঙ্গে স্বচ্ছল-হাসিখুশি থাকলেও ভেতরে ঠিকই বিষণ্নতা পুষে রেখেছিলেন এমি ওয়াইনহাউজ। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, পরবর্তী সময়ে অনেক কিছুই করতে চান তিনি, কিন্তু শেষে এসে নিজের ক্যারিয়ারের প্রতিই হতাশ হয়ে পড়েন। অতিরিক্ত মাদক এবং অ্যালকোহল সেবনের প্রবণতা আরও বেড়ে যায় যখন শুরু হয় তার প্রেমিক রেগ ট্র্যাভিসের সঙ্গে বোঝাপড়ার সমস্যা। নিজের আদর্শ মানতেন জিম মরিসন, কার্ট কোবেইন, জ্যানিস জপলিনদের। সমাপ্তিটাও হলো তাদের পথ ধরেই। রেকর্ড গ্র্যামি জয়ের সাফল্য, অ্যালবাম বিক্রির রেকর্ড-সবকিছু ছাপিয়ে ২০১১ সালের ১১ জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করেন ওয়াইনহাউজ। রক্তে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পাওয়া গিয়েছিল তার ময়নাতদন্ত রিপোর্টে। এখন পর্যন্ত সাতাশ বয়সে অকালে ঝরে যাওয়া তারকাদের দলে ওয়াইনহাউজই শেষ অন্তর্ভূক্তি।
