Published : 15 Nov 2025, 04:19 PM
কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইউর্কে আছেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। নতুন খবর হল সেখানে বিয়ে করেছেন তিনি।
নিউ ইয়র্কে চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদের সঙ্গে শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি।
ফেইসবুকে এক পোস্টে এই খবর নিশ্চিত করেছেন অমিতাভ রেজা নিজেই।
দুইজনের একটি ছবি পোস্ট করে অমিতাভ রেজা লিখেছেন, “কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা. কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন।”
অমিতাভ রেজার সেই পোস্টে বিনোদন অঙ্গনের অনেকেই মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন।
মাসখানেক আগে মুশফিকা মাসুদও বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে দুইজনের প্রেমের খবর জানিয়েছেন। মুশফিকা তার ফেইসবুকে একটি ভিডিও পোস্টে অমিতাভকে নিয়ে লিখেছেন, “আমার আত্মার গভীরে একটাই মানুষ বিরাজমান... আর সে হলো তুমি জান।”
যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন মুশফিকা মাসুদ। এরপর তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমায় পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন।
তারপর ব্রুকলিক কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন মাসুদ। তার বানানো ‘দ্য অ্যানিভার্সারি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতেছে।
এদিকে চলতি বছরের মার্চে নিউ ইয়র্ক থেকে ‘সিনেমা পাঠশালা’ নামের একটি ভার্চুয়াল স্কুল চালুর খবর দিয়েছিলেন।
এটি রেজার তৃতীয় বিয়ে। এর আগে মিম রশিদ এবং অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনীকে বিয়ে করেছিলেন তিনি।