Published : 10 Oct 2025, 12:33 AM
বলিউড অভিনেত্রী রানি মুখার্জি তিন দশকের বেশি সময় পর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। মেয়ের এই অর্জনে গর্বিত রানির মা কৃষ্ণা মুখার্জি। তবে তার আফসোস, এই স্বীকৃতি অনেক দেরিতে এসেছে।
কৃষ্ণা মুখার্জি মনে করেন, সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমার জন্য রানির আগেই এই সম্মান পাওয়া উচিত ছিল।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য এবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানি।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, মুম্বাইয়ের এক দুর্গাপূজার মণ্ডপে অভিনেত্রীর মাকে পেয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চান৷
কৃষ্ণা মুখার্জি বলেন, “আমি খুশি যে রানি জাতীয় পুরস্কার পেয়েছে। কিন্তু খুব দেরিতে পেয়েছে। আমার মনে হয় ‘ব্ল্যাক’ সিনেমার জন্যই ওর পাওয়া উচিত ছিল। আমি ওর জন্য গর্বিত। পরে হলেও এই সম্মান সে পেয়েছে, তাতেই আমি খুশি।”
সে সময় উপস্থিত ছিলেন প্রয়াত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর স্ত্রী চিত্রাণী লাহিড়ী।
তিনিও একমত পোষণ করে বলেন, “রানি আমার মেয়ের মত। আমরা অবাক হয়েছি, এত বছর পর ও জাতীয় পুরস্কার পেল। ‘ব্ল্যাক’ সিনেমায় ও অসাধারণ অভিনয় করেছিল। তখনই ওর প্রাপ্য ছিল পুরস্কারটা। আমি বুঝি না, তখন মানুষ ওর প্রতিভা চিনল না কেন। ৩০ বছর (ক্যারিয়ার) পর এসে পেল।”
৩৩ বছরের ক্যারিয়ারে এবার ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। তার এই পুরস্কারেও আনন্দিত রানির মা।
কৃষ্ণা বলেন, “অভিনেতা শাহরুখ খানের প্রথম জাতীয় পুরস্কার পাওয়া নিয়েও আমি আনন্দিত।”
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘ব্ল্যাক’ সিনেমাটি এক বধির, বোবা ও অন্ধ নারীর গল্প। সেই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন রানি।
লেখক-অ্যাকটিভিস্ট হেলেন কেলারের জীবন থেকে অনুপ্রাণিত সেই সিনেমায় মিশেল নামের এক নারীর চরিত্রে অভিনয় করেন রানি। সিনেমায় মিশেলের সংগ্রামী জীবন এবং তার শিক্ষক দেবরাজের (অমিতাভ বচ্চন) সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছিল। ২০০৫ সালে সিনেমাটি মুক্তি পায়৷
অন্যদিকে, আশিমা ছিব্বার পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ মুক্তি পায় ২০২৩ সালে।
সিনেমার গল্পে দেখা যায়, দুই সন্তান নিয়ে স্বামীর সঙ্গে নরওয়েতে পাড়ি জমান কলকাতার এক সাধারণ গৃহবধূ। সবকিছু চলছিল ঠিকঠাক, তবে একদিন বিপত্তি বাঁধায় সেখানকার আইন।
সন্তানদের ঠিকমত দেখভাল করতে পারছেন না–এমন অভিযোগে সরকারের শিশু সুরক্ষা সেবা বিভাগ ছিনিয়ে নেয় তার দুই সন্তানকে, এরপর শুরু হয় হৃদয়বিদারক কাহিনী।
সন্তানদের ফিরে পেতে মরিয়া হয়ে আদালতে ছোটেন মা, কঠোর নিয়মের বিরুদ্ধে একাই চালিয়ে যান রুদ্ধশ্বাস লড়াই।
২০১১ সালে নরওয়েতে বসবাসকারী ভারতীয় দম্পতি অনুরূপ ভট্টাচার্য ও সাগরিকা চক্রবর্তীর বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।
সামনে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় আসছেন রানি। এ ছাড়া ‘মর্দানি’ সিরিজের তৃতীয় কিস্তিতেও তাকে দেখা যাবে। পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি।