ইন্ডিয়ান আইডল-১৩: শিরোপা জিতলেন অযোধ্যার ঋষি সিং
শিরোপা জিতে অযোধ্যার তরুণ ঋষি সিং জিতে নিয়েছেন ২৫ লাখ রুপি এবং গাড়ি।
টানা সাত মাসের প্রতিযোগিতায় নানা ধাপ পেরিয়ে ভারতে গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’–এ সেরার মুকুট উঠেছে ঋষি সিংয়ের মাথায়।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, রোববার মুম্বাইয়ে এ শোয়ের ত্রয়োদশ সিজনের শেষ পর্ব হয়। শিরোপা জিতে অযোধ্যার তরুণ ঋষি সিং পেয়েছেন ২৫ লাখ রুপি এবং গাড়ি।
দ্বিতীয় হয়েছেন কলকাতার মেয়ে দেবস্মিতা রায়; আর তৃতীয় চিরাগ কোতোয়াল। দেবস্মিতা ও চিরাগ দুজনেই পেয়েছেন ৫ লাখ রুপি করে।
ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালেতে এই তিন প্রতিযোগী ছাড়াও ছিলেন বিদিপ্তা চক্রবর্তী, সোনাক্ষী কর এবং শিবম সিং।
সঞ্চালনার দায়িত্ব ছিল শিল্পী আদিত্য নারায়ণের কাঁধে। বিচারকের আসনে ছিলেন অভিনেতা ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া, সুরকার ও সংগীত শিল্পী বিশাল দাদলানি এবং গায়িতা নেহা কক্কর।
বিজয়ী ঋষি বলেন, “বিশ্বাস করতে পারছি না ট্রফি আমার হাতে। অনুভূতিটা অবাস্তব। যখন বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণা করা হচ্ছিল, সেটি ছিল স্বপ্নের এক মুহূর্ত, আমি আপ্লুত। আমার বিশেষ কোনো পরিচয় ছিল না। এই মিউজিক্যাল জার্নি আমাকে নতুন একটি পরিচয় দিয়েছে। আমি কৃতজ্ঞ ‘ইন্ডিয়ান আইডল’ সংশ্লিষ্ট সবার কাছে। “
দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে আগামীতে গান নিয়ে আরও বেশি বেশি পরিশ্রম করার প্রত্যয়ের কথাও জানান এই কণ্ঠশিল্পী।
পুরস্কার ঘোষণার পর এই মৌসুমে দ্বিতীয় হওয়া দেবস্মিতা রায় সংবাদমাধ্যমকে বলেন, ইন্ডিয়ান আইডল তাকে যে প্ল্যাটফর্ম দিয়েছে সেটি তার কাছে ‘অবিশ্বাস্য’।
“বাবা-মায়ের চোখে হাসি আর গর্ব দেখতে পারাটা আমার জন্য অনেক বড় অর্জন। আমি আমার বাবা-মায়ের কাছে ঋণী।
ইন্ডিয়ান আইডলের এবারের সফর শুরু হয় গত বছরের ১০ সেপ্টেম্বর।
আসরের নির্ধারিত বিচারকেরা ছাড়াও দুদিন ধরে চলা ফিনালের বিশেষ পর্বে অতিথি বিচারক হয়ে এসেছিলেন সিনেমা নির্মাতা জুটি আব্বাস-মস্তান, সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট, পরিচালক-সংগীত শিল্পী বিশাল ভরদ্বাজ এবং শিল্পী রেখা ভরদ্বাজ।
