Published : 27 Jul 2026, 12:41 PM
দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। নগরবাউল খ্যাত জেমসের সুর এবং চিত্রনায়ক জায়েদ খানের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল রূপ নেয় এক টুকরো বাংলাদেশে।
প্রবাসে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এই প্রয়াসে দুই হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি আনন্দে মেতে ওঠেন। পর্তুগালের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজনসহ প্রবাসীরা ভিড় জমান এ মিলনমেলায়।
স্থানীয় সময় রোববার বিকেলে লিসবনের ইনডোর লাইভ মিউজিক ভেন্যু লিজবোয়া আও ভিভোয় আয়োজনটি শুরু হয়ে চলে রাত পর্যন্ত।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী জেমস। মঞ্চে উঠে তিনি একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন, যার সঙ্গে সুর মেলান উপস্থিত দর্শকরা। অন্যদিকে, চিত্রনায়ক জায়েদ খান তার উপস্থাপনা, পরিবেশনা এবং দর্শকদের সঙ্গে সরাসরি বিনোদনমূলক যোগাযোগের মাধ্যমে আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেন।

প্রিয় তারকাদের সরাসরি দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। অনুষ্ঠানে অংশ নেওয়া দর্শক শহিদ আহমদ প্রিন্স নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “আজ আমাদের দোকান খোলা রাখার কথা ছিল। কিন্তু সব কাজ বন্ধ রেখে শুধু জায়েদ খানের অনুষ্ঠান দেখতে পরিবার নিয়ে এসেছি। আমি তার অনেক বড় ভক্ত, তাকে কাছ থেকে দেখে সত্যিই খুব ভালো লাগছে।”
আয়োজক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ মাসুম আহমেদ বলেন, “পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের জন্য এমন একটি আয়োজন করতে পেরে আমরা গর্বিত। দূর প্রবাসে প্রবাসীদের মাঝে দেশের গান ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়া এবং আনন্দের সুযোগ তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।”