১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মালদ্বীপকে ২০ হাজার চারা গাছ উপহারের ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর

দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

মালদ্বীপকে ২০ হাজার চারা গাছ উপহারের ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর
ছবি: বাংলাদেশ দূতাবাস, মালে

বিডিনিউজ২৪

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 01:38 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচিতে সহায়তা করতে বাংলাদেশ সরকার মোট ২০ হাজার চারা গাছ উপহার দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

বিশ্ব পর্যটনের অন্যতম শীর্ষ এ দেশটির রাজধানী মালের লোনুজিয়ারাই পার্কে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা রোপণ করেন তিনি।

বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রোববার এ কর্মসূচিতে তিনি অংশ নেন।

সফরে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপকে প্রাথমিক পর্যায়ে ১০টি চারা উপহার দেন এবং নিজ হাতে একটি ‘ক্রিস্টিনা’ গাছের চারা রোপণ করেন।

তিনি বলেন, “মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রি’ কর্মসূচিকে সহায়তা করতে বাংলাদেশ সরকার মোট ২০ হাজার চারা গাছ উপহার দেবে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের উদ্যোগ বাস্তবায়ন করছে।” 

সৌদি আরবের আরাফাতের ময়দানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করে তিনি বলেন, “পরিবেশ সুরক্ষায় দুই দেশের এই যৌথ প্রচেষ্টা দীর্ঘদিনের বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ।”

এর আগে পররাষ্ট্রমন্ত্রী দেশটির রিপাবলিক স্কয়ারে আয়োজিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজি উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ। 

২০২৪ সালের ৫ জুন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু লোনুজিয়ারাই পার্কে ‘ফাইভ মিলিয়ন ট্রি’ প্রকল্পের উদ্বোধন করেছিলেন। ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন, যার আওতায় এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখের বেশি গাছ লাগানো হয়েছে।